• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

বিজেপির বুথ সভাপতি ছেলের দেহ উদ্ধার, রাজনীতি নাকি প্রণয়ের বলি? তদন্তে পুলিশ

স্থানীয় সূত্রে খবর, বিপ্লব মুর্মু রবিবার সন্ধ্যেবেলা সাড়ে ৭টা নাগাদ বাড়ি থেকে বের হন। রাত ৯টা নাগাদ মায়ের সঙ্গে তাঁর ফোনে কথাও হয়েছিল

বিজেপির বুথ সভাপতি ছেলের দেহ উদ্ধার, রাজনীতি নাকি প্রণয়ের বলি? তদন্তে পুলিশ

Police Investigate Photo-SNS

বাড়ির সামনেই উদ্ধার হল বিজেপির বুথ সভাপতির ছেলের মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে মালদহের গাজোল ব্লকের বাবুপুর গ্রামপঞ্চায়েতের সিংহল এলাকায়। প্রতিবেশী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে খবর। আদিবাসী বিজেপি নেতার ছেলের এই প্রেমের সম্পর্ক জানাজানি হতেই অশান্তি চরমে ওঠে। আর তারপরই প্রতিবেশীর গোয়াল থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে যুবককে। নেপথ্যে রাজনীতি নাকি প্রেম? উঠছে প্রশ্ন। তদন্তে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বিপ্লব মুর্মু (২২)। পরিবারের সদস্যদের অনুমান, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বিপ্লবকে। এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ অথবা ছেলের প্রণয়ঘটিত কারণ থাকতে পারে বলে জানিয়েছেন নিহত বিপ্লবের বাবা মাজি মুর্মু। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেছেন বিজেপি নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গাজোল থানার পুলিশ। মালদহের গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল গ্রামের বিজেপির বুথ সভাপতি মাঝি মুর্মু। তাঁর ছেলে বিপ্লব মুর্মু। প্রতিবেশী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বিপ্লবের। সেটা জানাজানি হতে অশান্তি চরমে উঠেছিল।

স্থানীয় সূত্রে খবর, বিপ্লব মুর্মু রবিবার সন্ধ্যেবেলা সাড়ে ৭টা নাগাদ বাড়ি থেকে বের হন। রাত ৯টা নাগাদ মায়ের সঙ্গে তাঁর ফোনে কথাও হয়েছিল। তারই মধ্যে সোমবার সকালে তাঁর বাবার কাছে ফোন আসে, স্থানীয় একটি গোয়ালে ছেলের দেহ পড়ে আছে। তার পরে খবর পান পরিবারের অন্যান্য সদস্যরাও। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন নিহত বিপ্লবের পরিবার। পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। পরিবারের পক্ষ থেকে নানা জায়গায় খোঁজখবর করা হয়েছিল। সোমবার সকালে প্রতিবেশীর গোয়ালে বিপ্লবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিপ্লবের পরিবারের সদস্যরা ছুটে এসে এমন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় থানায়।

তাছাড়া প্রেমঘটিত অশান্তির কারণে খুন করা হয়ে থাকতে পারে বিপ্লব মুর্মু। তবে বিজেপি নেতা হিসেবে এলাকায় যথেষ্ট দাপট রয়েছে মাঝি মুর্মুর। ওই আক্রোশ থেকেও তাঁর ছেলে খুন হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তবে সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে বিজেপির বুথ সভাপতি মাঝি মুর্মু বলেন, ‘সোমবার সকালে এলাকার একটি গোয়াল থেকে ছেলের দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে গিয়ে দেখি, শরীরে দাগ আছে। রাজনৈতিক হিংসাও থাকতে পারে। আবার প্রণয়ঘটিত ব্যাপারও হতে পারে। একটা মেয়ের সঙ্গে ছেলের সম্পর্ক ছিল। ১৫ দিন আগে ছেলের সঙ্গে ঝামেলাও হয়। ও বলছিল, বিয়ে দিতে হবে। আমি পাল্টা বলি, আগে কাজকর্ম কর। কাজ শুরুও করে। হঠাৎ কী হলো কিছুই বুঝলাম না। দোষীর শাস্তি হোক।’