• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

মাতৃদ্বিতীয়ায় শহরের ৮টি জায়গায় অভিযান ইডির, আর্থিক তছরুপ মামলায় জোরদার তল্লাশি

তাছাড়া সেপ্টেম্বর মোট ১৭টি নানা জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছিল ইডি। তখন শহরের নারকেলডাঙা, নেতাজিনগর, সাদার্ন

মাতৃদ্বিতীয়ায় শহরের ৮টি জায়গায় অভিযান ইডির, আর্থিক তছরুপ মামলায় জোরদার তল্লাশি

Enforcement Directorate Raid Photo-SNS

মাতৃদ্বিতীয়ার সকালে শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানা। দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতায় আর্থিক প্রতারণা মামলার তদন্তে নেমেছে ইডি। সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতার নানা প্রান্তে হানা দিল ইডি অফিসাররা। টালিগঞ্জ এবং শরৎ বোস রোড-সহ মোট ৮টি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হল। মোটা অঙ্কের রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি চিটফান্ড সংস্থা এই প্রতারণার কাজ করেছে বলে অভিযোগ। ওই মামলার সূত্রেই এই আর্থিক কেলেঙ্কারির জট ছাড়াতে নেমেছেন তদন্তকারীরা।

সেপ্টেম্বর মাসেই একই আর্থিক প্রতারণা মামলায় কলকাতার ১৭টি নানা জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। ওই অভিযানের প্রাপ্ত সূত্র ধরেই আবার দুর্গাপুজোর মুখে দ্বিতীয়বার তদন্তে নামল ইডি বলে সূত্রের খবর। বেআইনি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা তছরুপ করে নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। ওই আর্থিক দুর্নীতির মূলচক্রীরা লুকিয়ে আছে কলকাতাতে বলে খবর পেয়েছে ইডি। দুর্নীতির শিকড় কতদূর পৌঁছেছে সেটার খোঁজেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ ইডির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

যদিও ইডি সূত্রে খবর, ‘অমৃত প্রজেক্ট লিমিটেড’ নামের একটি সংস্থার একাধিক কেলেঙ্কারি খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা তোলা হয়েছিল ওই সংস্থার পক্ষ থেকে বলে অভিযোগ। তারপর ওই টাকা নিয়মনীতি না মেনে একাধিক রিয়েল এস্টেট-সহ একাধিক ব্যবসায় পাচার অথবা বিনিয়োগ করা হয়েছে। যদিও এই নির্দিষ্ট ঘটনায় ঠিক কাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে সেটা এখনও সামনে আনেনি ইডি। বিদেশি মুদ্রা বিনিময়ের মোড়কে বড় আর্থিক অনিয়ম এবং তছরুপের অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা পাচারের অভিযোগ সামনে এসেছে। ওই সূত্র ধরেই নানা জায়গায় হানা দেন তদন্তকারীরা।

তাছাড়া সেপ্টেম্বর মোট ১৭টি নানা জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছিল ইডি। তখন শহরের নারকেলডাঙা, নেতাজিনগর, সাদার্ন অ্যাভিনিউ এবং বেলেঘাটার মতো নানা এলাকায় হানা দিয়ে বড় সাফল্য পেয়েছিল ইডি। তদন্তে নেমে প্রায় ৭৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি, নগদ ১ কোটি টাকা এবং প্রায় ৪৮০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছিল। প্রায় ২০ কোটি টাকার বেনামী সম্পত্তির লগ্নির নথিও ইডির হাতে এসেছিল। দুর্গাপুজোর প্রাক্কালে সেই চিটফান্ড বা আর্থিক প্রতারণা মামলার তদন্তেই আবার সোমবার কলকাতার ৮টি জায়গায় ইডির এই আকস্মিক হানা নতুন করে আলোড়ন ফেলে দিয়েছে। এদিন দুটি সংস্থার দুই কর্তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। ব্যবসায়ীদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হয়। তদন্তে নেমে দেখা যায়, দেশজুড়েই এই চক্র ছড়িয়ে আছে। তাই রীতিমতো আটঘাট বেঁধে তদন্তকারীরা হানা দিল শহরে।