আজ থেকে শুরু আইএসএল ২০২৬-২৭। ফিরছে ঘরে-বাইরের ফরম্যাট, থাকছে প্লে-অফও। ১৩ দলের লড়াইয়ে খেতাবের স্বপ্ন দেখছে মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ একাধিক দল।
ভারতীয় ফুটবলে নতুন মরসুমের ঘণ্টা বেজে যাবে আজ, শনিবার, মহালয়ার সন্ধ্যায়, যখন শুরু হবে আইএসএল ২০২৬-২৭।
আজ, প্রথম দিন মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি ও এসসি দিল্লি এবং এফসি গোয়া ও চেন্নাইন এফসি
এ বার লিগে ফিরছে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফরম্যাট। অর্থাৎ, প্রতিটি দলকে প্রতিপক্ষের মাঠেও খেলতে হবে। ফিরছে প্লে-অফও। ফলে লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ের পাশাপাশি কাপ জয়ের সুযোগও থাকছে দলগুলির সামনে।
এ বারের আইএসএলে অংশ নিচ্ছে ১৩টি দল। পুরো মরসুমে মোট ১৬৩টি ম্যাচ হওয়ার কথা। তবে আপাতত প্রকাশিত হয়েছে প্রথম পর্বের সূচি, যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। লিগের বাকি পর্ব এবং প্লে-অফের সূচি পরে ঘোষণা করা হবে।
খেতাবের দৌড়ে দুই প্রধান
গত মরসুমের সাফল্য ধরে রাখাই এ বার ইস্টবেঙ্গলের সামনে বড় চ্যালেঞ্জ। নতুন করে দল সাজিয়ে নামছে লাল-হলুদ বাহিনী। আক্রমণে নজর কাড়তে পারেন নতুন বিদেশি ফুটবলাররা। অন্য দিকে, মোহনবাগান সুপার জায়ান্টও শক্তিশালী দল গড়ে খেতাবের দৌড়ে থাকতে চাইবে। দুই প্রধানের লড়াই ঘিরে কলকাতার ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও তুঙ্গে।
দলবদলের বাজারে মোহনবাগানের উল্লেখযোগ্য সংযোজন লালিয়ানজুয়ালা ছাংতে। মুম্বই সিটি এফসি ছেড়ে সবুজ-মেরুনে যোগ দিয়েছেন তিনি। এ ছাড়াও দলে এসেছেন দেজান দ্রাজিচ, সামির জেলকোভিচ, মিগেল ফিগেইরা এবং রাহুল ভেকে। ইস্টবেঙ্গলও নতুন মরসুমের আগে দলকে শক্তিশালী করেছে। নতুনদের মধ্যে রয়েছেন দানি রামিরেজ, ক্রিস ইকোনোমিডিস ও আকে লোবা।
The MG Indian Super League – run by people who love the game, and now opening to those it belongs to. The shutters are all going up.
Indian football, #WeAreOpen.
Watch #MGISL13, starts October 10 live on @YouTubeIndia, @SonySportsNetwk and @SonyLIV. 📺 https://t.co/O7AZSRkfAS
— MG Indian Super League (@IndSuperLeague) October 3, 2026
নজরে অন্য দলগুলিও
তবে শুধু কলকাতার দুই প্রধান নয়, অন্য দলগুলিও খেতাবের লড়াইয়ে নিজেদের দাবিদার হিসাবে তুলে ধরতে চাইবে। বেঙ্গালুরু এফসি নতুন মরসুমে বিদেশি ফুটবলারদের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। স্পেনের বোরহা মার্তিনেজ এবং মন্টেনেগ্রোর স্ট্রাইকার মিহাইলো পেরোভিচকে দলে নিয়েছে তারা। দীর্ঘ ট্রফি-খরা কাটানোই এ মরসুমে বেঙ্গালুরুর লক্ষ্য।
মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া এবং কেরল ব্লাস্টার্সের মতো দলও নিজেদের মতো করে শক্তি বাড়িয়েছে। মুম্বইয়ে এসেছে কার্লোস দেলগাদো, সের্জিয়ো ইয়ামাস, লিয়ান্দ্রো ওর্তোমিন এবং উইলমার জর্ডান গিলের মতো ফুটবলার। এফসি গোয়ায় ফিরেছেন জর্জে অর্টিস। কেরল ব্লাস্টার্স দলে নিয়েছে অভিজ্ঞ গোলরক্ষক অমরিন্দর সিংকে।
নতুন মরসুমে তাই প্রতিদ্বন্দিতা শুধু কলকাতার দুই প্রধানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লিগের দীর্ঘ পর্বে চোট-আঘাত সামলানো, বেঞ্চের শক্তি এবং বিদেশি ফুটবলারদের পারফরম্যান্সও বড় ভূমিকা নিতে পারে।
এ বার দেখার, কাগজে-কলমে দল সাজানোর সাফল্য মাঠে কতটা কাজে লাগাতে পারে ক্লাবগুলি।
সমর্থকদের কথা মাথায় রেখে সূচি
এ বার সপ্তাহান্তে বেশি ম্যাচ রাখার চেষ্টা করেছে লিগ কর্তৃপক্ষ। প্রথম পর্বের ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি—অর্থাৎ প্রায় ৬৮ শতাংশ ম্যাচ—শুক্র, শনি ও রবিবারে হবে। বেশির ভাগ ম্যাচের সময় বিকেল পাঁচটা অথবা সন্ধ্যা সাড়ে সাতটা। লিগের তরফে জানানো হয়েছে, সমর্থকদের মতামতকে গুরুত্ব দিয়েই সপ্তাহান্তের ম্যাচের সংখ্যা বাড়ানো হয়েছে। মরসুমের প্রথম কলকাতা ডার্বি হবে ২৯ নভেম্বর। ফলে নতুন মরসুমের শুরু থেকেই পয়েন্টের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের নজর থাকবে সেই মহারণের দিকেও।
আইএসএল এ বার নতুন ক্লাব-নির্ভর পরিচালন কাঠামোয় এগোচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা, দলগুলির বিনিয়োগ এবং দর্শক-আকর্ষণ—সব দিক থেকেই এই মরসুম গুরুত্বপূর্ণ। এখন দেখার, দীর্ঘ লিগের শেষে শিল্ড জেতে কোন দল, আর প্লে-অফের লড়াইয়ে কাপ কার হাতে ওঠে।
সরাসরি সম্প্রচার কোথায়?
সব ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন ইউটিউব এ ISL এর নিজস্ব চ্যানেলে ও সোনি লিভে। টিভিতে দেখুন Sony Sports Network এ।




