• facebook
  • twitter
  • youtube
Friday, 9 October, 2026

পুণেয় নতুন ‘হোম গ্রাউন্ড’ ঘোষণার দিনেই দলবদলে ফের ফিফা ব্যানের ধাক্কা খেল ইন্টার কাশী, খেলতে পারবে আইএসএলে?

গত বছরের দলের ছজনকে এ বার রেখে দিয়েছে ইন্টার কাশী, যার কোচ পর্তুগীজ কোচ কার্লোস ভাজ পিন্টোস। জামশেদপুর এফসি থেকে

পুণেয় নতুন ‘হোম গ্রাউন্ড’ ঘোষণার দিনেই দলবদলে ফের ফিফা ব্যানের ধাক্কা খেল ইন্টার কাশী, খেলতে পারবে আইএসএলে?

New Home Venue Photo-SNS

এ মরসুমের আইএসএলে ইন্টার কাশীর হোম গ্রাউন্ড হচ্ছে পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স। শুক্রবার সরকারি ভাবে খবর দিয়েছে তারা। এই নিয়ে পঞ্চম হোমগ্রাউন্ড পেল তারা। ২০২৩-এ ইন্টার কাশীর হোম গ্রাউন্ড ছিল লখনউয়ের একানা স্টেডিয়াম। পরের মরসুমে কল্যাণী স্টেডিয়ামকে তারা তাদের ঘরের মাঠ করে। ২০২৪-এ গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে বেছে নেয় ইন্টার কাশী। গত মরসুমে তাদের হোম ছিল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম এবং এ বার তাদের ঘরের মাঠ হচ্ছে পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স, যাকে বালেওয়াড়ি স্টেডিয়ামও বলা হয়।

ইন্টার কাশী তাদের প্রথম মরসুমেই দেশের সর্বোচ্চ স্তরের ফুটবল লিগে ষষ্ঠ স্থান অর্জন করেছিল। ২০২৪-২৫ মরসুমে আই লিগের খেতাব কারা জিতেছিল, তা নিয়ে চার্চিল ব্রাদার্সের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পরই সর্বোচ্চ স্তরের লিগে অভিষেক হয়েছিল ইন্টার কাশীর।

শুধু ঘরের মাঠ নয়, দলবদল নিয়েও বেশ সমস্যায় রয়েছে তারা। গত পাঁচ মাসের মধ্যে এই নিয়ে পঞ্চমবার তাদের ফিফা ব্যান করেছে, যার ফলে আপাতত তারা কোনও খেলোয়াড়কে নথিভুক্ত করতে পারবে না। গত সপ্তাহেই তাদের পূর্ববর্তী ব্যান উঠে যায় এবং তারা মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যে ২২জন ফুটবলারকে নথীভুক্ত করায় আইএসএলের জন্য। কিন্তু তার পরই ফের শাস্তির খাঁড়া নেমে আসে তাদের ওপর। যার ফলে একজন ভারতীয় স্ট্রাইকারের সঙ্গে চুক্তি পাকা করেও তাঁকে নথীভুক্ত করতে পারেনি ক্লাব।

এখনও তাদের প্রাক্তন খেলোয়াড়ের বেতন বকেয়া থেকে যাওয়ায় ফিফার এই শাস্তি নেমে এসেছে তাদের ওপর। লুই টেরেস ক্যাম্পোস নামের এই খেলোয়াড় ফিফায় নালিশ জানানোর পরেই মেল করে এই সিদ্ধান্ত জানায় ফিফা। যতদিন না এই বকেয়া বেতন মেটাবে তারা, ততদিন এই ব্যান উঠবে না।

Inter Kashi Photo-SNS
Inter Kashi Photo-SNS

তবে তারা আইএসএলে অংশ নিতে পারবে। যে ২২ জন ফুটবলারকে নথীভুক্ত করেছে ইন্টার কাশী, তাঁরা সবাই ভারতীয়। এই ২২জন খেলোয়াড়কে নিয়েই পরবর্তী দলবদলের উইন্ডো পর্যন্ত খেলতে হবে তাদের। এ ছাড়া কোনো উপায় নেই। তার মধ্যে বকেয়া বেতন মেটাতে পারলে তবেই কোনো দেশীয় বা বিদেশি ফুটবলারকে নিতে পারবে তারা।

গত বছরের দলের ছজনকে এ বার রেখে দিয়েছে ইন্টার কাশী, যার কোচ পর্তুগীজ কোচ কার্লোস ভাজ পিন্টোস। জামশেদপুর এফসি থেকে বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে এসেছে তারা। ভারতীয় দলের গোলকিপার আলবিনো গোমস, প্রতীক চৌধুরি, হিতেশ শর্মা, জিতেন্দ্র সিং ও আয়ূষ ছিকারা এ মরসুমে তাদের কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড়।

এবারই প্রথম বার ক্লাব পরিচালিত মডেলে আয়োজিত হচ্ছে আইএসএল। শনিবার থেকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। প্রথম দিনেই মাঠে নামবে চারটি দল। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লি। দিনের পরের ম্যাচে ফতোরদায় এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাইন এফসি।