• facebook
  • twitter
  • youtube
Friday, 9 October, 2026

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় গেলেন কোয়েল মল্লিক, বিজেপির টিকিটে সাংসদ

অন্যদিকে ৯ অক্টোবর ছিল রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নের শেষ দিন। তাতে কেউই লড়াইয়ে এগিয়ে আসেননি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় গেলেন কোয়েল মল্লিক, বিজেপির টিকিটে সাংসদ

Koyel Mullick BJP MP Photo-SNS

রাজ্যসভায় নাম মনোনীত করে বিজেপি। তারপর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কোয়েল মল্লিক। রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার প্রাক্কালে বিজেপিতে যোগদান করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রথের দিন সকালে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তখন তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। এবার বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন। মাঝে শুধু বদলে গেল ফুল। প্রার্থী একই রইল। তৃণমূলের হয়ে মাত্র তিন মাসের সাংসদ ছিলেন। শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন কোয়েল মল্লিক। কারণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কেউ মনোনয়নই দেননি।

এদিকে গত ৪ অক্টোবর বিজেপি রাজ্যসভার প্রার্থী হিসেবে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়। কিন্তু তখনও কোয়েল আনুষ্ঠানিকভাবে দলবদল করেননি। পরদিনই পার্টি অফিসে গিয়ে পদ্ম পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগ দেন এবং তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। বিজেপিতে যোগ দিয়ে কোয়েল মল্লিক বলেছিলেন, ‘আপার হাউসের সদস্য হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা একটা অনেক বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার যে ধর্ম আমি সব সময়ে পালন করে থাকি, একটা প্ল্যাটফর্ম পেলে স্বাভাবিকভাবে ক্ষমতা অনেকটা বেড়ে যায়। তাই এই সুযোগ পেয়ে আমি আনন্দিত। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরাই আমাকে মনোনীত করেছেন।’

অন্যদিকে ৯ অক্টোবর ছিল রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নের শেষ দিন। তাতে কেউই লড়াইয়ে এগিয়ে আসেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুক্রবারই কোয়েল মল্লিক জিতে গিয়েছেন। এদিনই তাঁকে জয়ের সার্টিফিকেট দিয়েছেন বিধানসভার সচিব। এবার আবার সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন টলিউড অভিনেত্রী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। তারপরই গত ১৬ জুলাই তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দেন টলিউড অভিনেত্রী। কোয়েল মল্লিক বলেছিলেন, ‘আমাদের বাচ্চারা যখন ভাল পড়াশোনা করেও বাইরে চলে যায় সবাই, বাইরেই থেকে যায়, মনে হয় এরা এখানে কেন থাকছে না। সে সব ক্ষেত্রে আমি যদি কিছু করতে পারি, নিজেকে ধন্য মনে করব। আমি চাই বাংলার প্রত্যেকটা মানুষ আনন্দে থাকুক, কাজের সুযোগ বাড়ুক।’

তাছাড়া কোয়েল ইস্তফা দিয়েই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়ি গিয়ে দেখা করে আসেন। তারপরই কোয়েল মল্লিকের পিতা বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিককে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। টলিউড পর্দা কাঁপানোর পাশাপাশি রাজনীতির ময়দানও যে কোয়েল কাঁপাতে জানেন এবার সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এর আগে প্রকাশ চিক বড়াইক, সুস্মিতা দেব এব সুখেন্দুশেখর রায়রা একইভাবে তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বিজেপির রাজ্যসভার সদস্য হয়েছিলেন। ঠিক সেই একই পথে হেঁটে রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিকও।