ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আঁচ এসে পড়ল কৃষ্ণসাগরে। ইউক্রেনের অভিযোগ, তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক কার্গো জাহাজে হামলা চালিয়েছে রুশ ড্রোন। হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। সেই হামলায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক ভারতীয়-সহ কয়েকজন নাবিক। রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, জাহাজে থাকা ৩ জন ভারতীয় নাগরিক বর্তমানে সুস্থ রয়েছেন। রোমানিয়ার জলসীমার বাইরে জাহাজটির উপরে হামলা চালানো হয়।
রোমানিয়ায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলার সময় এমভি রয়্যাল মাম্মামডোভ জাহাজে তিনজন ভারতীয় নাগরিক ছিলেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী এই জাহাজ ইউক্রেনের ইজমাইল বন্দর থেকে ভুট্টা নিয়ে ইতালির রাভেন্নার দিকে যাচ্ছিল। কৃষ্ণসাগরে রোমানিয়ার জলসীমার কাছে জাহাজটিতে আগুন ধরে যায়। তারপরে সেটি ডুবে যায়।
প্রথমে জানা যায়, তিনজন ভারতীয় নাগরিকের মধ্যে একজন আহত হয়েছেন। পরে ভারতীয় রাষ্ট্রদূত মনোজ মহাপাত্র তিন ভারতীয়ের সঙ্গে কথা বলেন। তাঁরা রোমানিয়ার কনস্টান্টা কাউন্টি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনই এখন সুস্থ রয়েছেন। রোমানিয়ায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে রোমানিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জাহাজে আজারবাইজান ও ভারতের নাগরিক ছিলেন। তাঁর দাবি, জাহাজের ক্যাপ্টেন নিহত হয়েছেন। আরও একজনের বিষয়ে এখনও তথ্য নিশ্চিত করা যায়নি। মোট ১১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন। ঘটনার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: টেস্ট টিউব ভাঙার পর তরুণীর মৃত্যু, সাইবেরিয়ায় প্লেগ-আতঙ্কে প্রায় ২০০ জন কোয়ারান্টিনে
এস জয়শঙ্কর জানান, কৃষ্ণসাগর থেকে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বেসামরিক জাহাজে হামলা নিয়ে উদ্বেগ রয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানে ভারত এখনও আলোচনা ও কূটনীতিকেই পথ হিসেবে দেখছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জাহাজ ও বন্দর পরিকাঠামোয় হামলার ফলে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।




