• facebook
  • twitter
  • youtube
Monday, 5 October, 2026

আইনজীবিদের হেনস্থা ও মারধরের প্রতিবাদে ৬ ঘণ্টা অবরোধ! ব্যাঙ্কশালে বিক্ষোভ, যানজটে স্তব্ধ মধ্য কলকাতা

সরকারি আইনজীবীদের পাল্টা অভিযোগ, তাঁদের অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং পিপ প্যানেল থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অন্যদিকে, অরুণকুমার ভগতের বক্তব্য, যোগ্য আইনজীবীদেরই গুরুত্বপূর্ণ মামলা দেওয়া হচ্ছে। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবিদের হেনস্থা ও মারধরের প্রতিবাদে ৬ ঘণ্টা অবরোধ! ব্যাঙ্কশালে বিক্ষোভ, যানজটে স্তব্ধ মধ্য কলকাতা

Photo: Statesman

ব্যাঙ্কশাল আদালত চত্বরের উত্তেজনার আঁচ এবার রাস্তায়। আইনজীবীদের মারধরের অভিযোগ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার প্রায় ছয় ঘণ্টা ধরে পথ অবরোধ করলেন ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীরা। হেয়ার স্ট্রিট ও কাউন্সিল হাউস স্ট্রিটের মোড় থেকে স্ট্র্যান্ড রোডের মিলেনিয়াম পার্ক সংলগ্ন এলাকা, আইনজীবীদের অবস্থানে কার্যত স্তব্ধ হয়ে পড়ে মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ।

আইনজীবীদের আন্দোলনের জেরে বিবাদী বাগ চত্বরের একাধিক রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকা গাড়ির চালক ও যাত্রীদের সঙ্গে পুলিশের বচসাও বাধে। দ্রুত রাস্তা খালি করার দাবি জানান তাঁরা।

এরই মধ্যে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের সঙ্গে আইনজীবী সংগঠনের প্রতিনিধিদের আলোচনা হয়। ব্যাঙ্কশাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত জানান, মুখ্য বিচারক বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট বিচারপতির সঙ্গে কথা বলবেন। প্রস্তাবিত বৈঠকে উচ্চপদস্থ পুলিশকর্তাদের উপস্থিত থাকার কথাও জানানো হয়েছে।

Bankshall Court
Photo: Statesman

অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বাস মেলার পরেই পথ অবরোধ প্রত্যাহার করে নেন আইনজীবীরা। তবে হুঁশিয়ারি দিয়েছেন রাজা সেনগুপ্ত। দ্রুত গ্রেপ্তার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন আইনজীবীরা।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি অরুণকুমার ভগতের সঙ্গে সরকারি আইনজীবীদের বিরোধকে কেন্দ্র করে ব্যাঙ্কশাল আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। ভগতের ঘরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে সরকারি কৌঁসুলিদের একাংশের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা।

সরকারি আইনজীবীদের পাল্টা অভিযোগ, তাঁদের অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং পিপ প্যানেল থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অন্যদিকে, অরুণকুমার ভগতের বক্তব্য, যোগ্য আইনজীবীদেরই গুরুত্বপূর্ণ মামলা দেওয়া হচ্ছে। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Bankshall Court
Photo: Statesman

এরপর ইউটিউবার দীপক ব্যাপারিকে আদালতে হাজির করানোকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের ডিম ছোড়ার অভিযোগ ওঠে। সেই ডিম আইনজীবীদের গায়ে লাগার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় বচসা। পরে তা গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। ঘটনার প্রতিবাদে আইনজীবীদের একাংশ অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তাঁদের দাবি, আদালত চত্বরে আইনজীবীদের উপর হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।

শুধু ব্যাঙ্কশাল নয়, সোমবার কলকাতা হাইকোর্টেও আইনজীবীদের একাংশ বিক্ষোভ মিছিল করেন। মিছিল শুরু হয় হাইকোর্টের প্রধান গেট থেকে। পরে তা পৌঁছয় ব্যাঙ্কশাল আদালত পর্যন্ত। আইনজীবীদের অভিযোগ, বারবার আদালত চত্বরেই আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন। নিরাপত্তা ও প্রতিকারের দাবিতে এদিন কলকাতা হাইকোর্ট, ব্যাঙ্কশাল, শিয়ালদহ এবং হাওড়া আদালতেও বিক্ষোভ কর্মসূচির ছবি দেখা যায়।

আরও পড়ুন: বাড়িতে অগ্নিদগ্ধ বায়রন, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ভিন রাজ্যে

আইনজীবীদের বক্তব্য, আদালত যদি আইনজীবীদের কাছেই নিরাপদ না থাকে, তাহলে বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা নিশ্চিত করবে কে, এই প্রশ্নের জবাবই এখন তাঁদের দাবি।