মেসিকে দেখতে গিয়ে গত বছর যুবভারতীতে যে দর্শকরা চরম বিশৃঙ্খলার কারণে হতাশ হয়ে ফিরেছিলেন, তাঁদের জন্য বড় সিদ্ধান্ত। আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচে সেই দর্শকদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। গত ডিসেম্বরে মেসির ‘গোট’ সফরের অনুষ্ঠানের জন্য যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদেরই দেওয়া হবে এই বিশেষ পাস।
ভারত-ব্রাজিল ম্যাচ শেষ হওয়ার পরই ২২ হাজার বিনামূল্যে পাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই পাস কী ভাবে পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন ছিল দর্শকদের মধ্যে। রবিবার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র সমাজমাধ্যমে দেওয়া পোস্টে সেই জটিলতা কাটল।
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির অনুষ্ঠানের জন্য কেনা টিকিট দেখালেই সংশ্লিষ্ট দর্শক ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের পাস সংগ্রহ করতে পারবেন। আগামী ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাস বিলি করা হবে।
পাস সংগ্রহের সময় অবশ্য কয়েকটি নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক। সরকারের দেওয়া বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের যে কোনও একটি দেখাতে হবে। তার সঙ্গে দেখাতে হবে গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানের আসল টিকিট।
পাস সংগ্রহের জন্য একাধিক জায়গা নির্দিষ্ট করা হয়েছে। মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, অভয়ান কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ২ ও ৩এ নম্বর গেট থেকে পাস নেওয়া যাবে। পাশাপাশি বিধাননগর পুরসভা স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুল থেকেও মিলবে পাস।
As committed by Hon’ble Chief Minister Shri Suvendu Adhikari dada, as a goodwill gesture, complimentary passes will be provided for the upcoming India vs Uruguay match scheduled to be held on 6th October 2026 at Vivekananda Yuva Bharati Krirangan to all football lovers who had purchased tickets for Lionel Messi G.O.A.T tour of Kolkata on 13th December last year. The physical passes for the match maybe collected from the following places on 5th October from 11 AM till 5 PM, upon production of a valid Govt photo identity proof (Voter Card/Aadhaar card/Driving License/Passport) and the previous event paid ticket.
— Dr.Indranil Khan (@IndranilKhan) October 4, 2026
গত বছরের ১৩ ডিসেম্বর মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির পরিস্থিতিতে দীর্ঘক্ষণ মাঠে থাকতে পারেননি মেসি। শেষ পর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয়। বহু দর্শক চড়া দামে টিকিট কিনেও মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ফিরে যান। সেই ঘটনা ঘিরে ক্ষতিপূরণের দাবিও উঠেছিল। এ বার সেই দর্শকদেরই আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া হল।
অন্যদিকে, ভারত-উরুগুয়ে ম্যাচের বাকি টিকিটের দামও জানানো হয়েছে। সি২ লেফট এবং সি২ রাইট গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১৯৯ টাকা।

ব্রাজিলের পর এ বার কলকাতায় ফুটবলপ্রেমীদের নজর উরুগুয়ের দিকে। ৬ অক্টোবর যুবভারতীতে মুখোমুখি হবে ভারত ও উরুগুয়ে। মাঠের লড়াইয়ের আগে অবশ্য শহরটাকে বেশ ভালই উপভোগ করছেন দিয়েগো ফোরলানের দলের ফুটবলাররা।
বৃষ্টির কারণে মঙ্গলবার অনুশীলনে নামেনি উরুগুয়ে। তবে অনুশীলন বাতিল হলেও কলকাতা ঘোরার পরিকল্পনায় ছেদ পড়েনি। শহরের ঐতিহাসিক স্থাপত্য দেখতে বেরিয়ে পড়েন ফুটবলাররা। উরুগুয়ে ফুটবল দলের সমাজমাধ্যমে সেই সফরের ছবিও প্রকাশ করা হয়েছে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে কলকাতার ইতিহাসের সঙ্গে পরিচিত হন উরুগুয়ের ফুটবলাররা। লুকাস তোরেরা সেখানে বেশ কিছু সময় কাটান এবং সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। পরে তাঁরা যান সেন্ট পলস ক্যাথিড্রালেও।
শুধু শহর ঘোরাই নয়, ক্রিকেটের স্বাদও নিল উরুগুয়ে দল। ভারতীয় ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক মাঠ ইডেন গার্ডেন্সে গিয়ে ব্যাট-বল হাতে নেমে পড়েন ফুটবলাররা। বল করেন লুকাস তোরেরা, ব্যাট হাতে দেখা যায় ডারউইন নুনেজকে।

ইংল্যান্ডের ক্লাবে খেলার সুবাদে তোরেরা ও নুনেজের ক্রিকেটের সঙ্গে কিছুটা পরিচয় রয়েছে। তোরেরা দীর্ঘদিন আর্সেনালে খেলেছেন, আর নুনেজ খেলেছেন লিভারপুলে। ইডেনে ক্রিকেট খেলার সেই ছবি প্রকাশ করে উরুগুয়ে দল মজার ক্যাপশনও দিয়েছে—ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, তাই ইডেনে গিয়ে সেই খেলাটি চেষ্টা করে দেখলেন তাঁরা।

এ বার অবশ্য নজর থাকবে ফুটবলেই। বিশ্বকাপের পর উরুগুয়ের কোচের দায়িত্ব নিয়েছেন দিয়েগো ফোরলান। কিংবদন্তি এই ফুটবলার নিজেও একসময় ভারতের মাটিতে খেলেছেন। এ বার জাতীয় দলের কোচ হিসেবে তাঁর কলকাতা সফর। ৬ অক্টোবর যুবভারতীতে সেই ফোরলানের উরুগুয়ের বিরুদ্ধে ভারত কতটা লড়াই দিতে পারে, সেটাই দেখার।




