• facebook
  • twitter
  • youtube
Sunday, 4 October, 2026

‘মাথা ঠাণ্ডা রেখে আপনি…’ মোদী-স্মিতকে ইজরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ নেতানিয়াহুর

২০২৭ সালের মে মাসে ইজরায়েল স্বাধীনতা দিবস পালন করবে। এবার সেই অনুষ্ঠানে মশাল জ্বালানোর সুযোগ পাচ্ছেন নরেন্দ্র মোদী ও স্মিত মচ্ছর। নেতানিয়াহু জানিয়েছেন, ইজরায়েলের নাগরিকরা ইতিমধ্যেই ভারতীয় পাইলটের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

‘মাথা ঠাণ্ডা রেখে আপনি…’ মোদী-স্মিতকে ইজরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ নেতানিয়াহুর

Photo: Statesman

মাঝ আকাশে বিমানের ককপিটের ভিতরে কো-পাইলটের আক্রমণের মুখে পড়েও তিনি হাল ছাড়েননি। জীবন-মরণের মুখে দাঁড়িয়েও যাত্রীদের প্রাণ বাঁচিয়ে নিরাপদে বিমান অবতরণ করেছেন। সাহসিকতার পরিচয় দেওয়া সেই ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে এবার বিশেষ সম্মান জানাতে চাইছে ইজরায়েল। সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজরায়েলের পরবর্তী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

শনিবার ক্যাপ্টেন স্মিতের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। সেখানেই তিনি ভারতীয় পাইলটকে ভারত, ইজরায়েল ও গোটা বিশ্বের ‘হিরো’ বলে সম্বোধন করেন। সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু বলেন, ‘আপনি ইজরায়েলের হিরো। ভারতের হিরো। সেই গোটা বিশ্বের হিরো।’ ইজরায়েলের প্রধানমন্ত্রী জানান, সেদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী মশাল জ্বালানোর সুযোগ মোদী ও স্মিতকে দেওয়া হবে। তাঁর দেশ থেকে এই সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।

উল্লেখ্য, ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতি বছর ১২টি মশাল জ্বালানো হয়। দেশ ও সমাজে অসাধারণ অবদানের জন্য ইজ়রায়েলের নাগরিক বা বাসিন্দাদের এই সম্মান প্রদান করা হয়। ২০২৭ সালের মে মাসে ইজরায়েল স্বাধীনতা দিবস পালন করবে। এবার সেই অনুষ্ঠানে মশাল জ্বালানোর সুযোগ পাচ্ছেন নরেন্দ্র মোদী ও স্মিত মচ্ছর। নেতানিয়াহু জানিয়েছেন, ইজরায়েলের নাগরিকরা ইতিমধ্যেই ভারতীয় পাইলটের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

বিমানের ককপিটে ঠিক কীভাবে হামলার পরিস্থিতি তৈরি হয়েছিল? সেই সময় ক্যাপ্টেন স্মিত কীভাবে পরিস্থিতি সামলেছিলেন, নেতানিয়াহুকে তা জানান ক্যাপ্টেন স্মিত। ঘটনার বর্ণনা শুনে ইজরায়েলের প্রধানমন্ত্রী পাইলটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সাহসের প্রশংসা করেন। নেতানিয়াহু বলেন, ‘আমি আপনার সাহস দেখে অবাক। ওই অসম্ভব পরিস্থিতিতে যেভাবে মাথা ঠাণ্ডা রেখে আপনি কাজ করেছেন, তাতে আমি অবাক। আপনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। বহু মানুষের জীবন বাঁচিয়েছেন।’

আরও পড়ুন: ভারতীয় পাইলট স্মিতকে দেখতে হাসপাতালে গেলেন দুবাইয়ের যুবরাজ  

সেই সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার এবং আমার স্ত্রীর শুভেচ্ছা আপনার স্ত্রীর কাছেও পৌঁছে দেবেন। আমি জানি আপনার পরিবার আছে। দয়া করে দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’ নেতানিয়াহুর কথায়, ক্যাপ্টেন স্মিত এখন শুধু ভারত বা ইজরায়েলের নয়, গোটা বিশ্বের পরিবারের একজন অংশ।