• facebook
  • twitter
  • youtube
Saturday, 3 October, 2026

ভারতীয় পাইলট স্মিতকে দেখতে হাসপাতালে গেলেন দুবাইয়ের যুবরাজ  

মাঝ আকাশে সহ-পাইলট হামাম আলহামামির হামলায় গুরুতর জখম হন ক্যাপ্টেন স্মিত। আহত অবস্থাতেও ককপিটের দরজা খুলে দেন তিনি। এরপর বিমানের কয়েকজন যাত্রী এবং কর্মীরা ককপিটে ঢুকে হামামকে কাবু করেন। পরে অন্য পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

ভারতীয় পাইলট স্মিতকে দেখতে হাসপাতালে গেলেন দুবাইয়ের যুবরাজ  

Photo: Statesman

ককপিটে সহ-পাইলটের কুঠারের আঘাতে জখম ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ অল মাকতুম। আবু ধাবির হাসপাতালে চিকিৎসাধীন স্মিতের সঙ্গে শনিবার দেখা করেন সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রীও। রক্তাক্ত অবস্থায় নিজের জীবন বিপন্ন করে যেভাবে তিনি ককপিটের দরজা খুলে দিয়েছিলেন এবং হামলাকারীকে কাবু করতে অন্যদের সুযোগ করে দিয়েছিলেন, তার প্রশংসা করেন যুবরাজ।

শনিবার আবু ধাবির হাসপাতালে গিয়ে স্মিতের সঙ্গে কথা বলেন যুবরাজ হামদান। তাঁকে অভিবাদন জানিয়ে আলিঙ্গনও করেন তিনি। দীর্ঘক্ষণ কথা বলার পর সমাজমাধ্যমে স্মিতের সাহসিকতা, দায়িত্ববোধ এবং মানুষের জীবন বাঁচানোর জন্য তাঁর তৎপরতার প্রশংসা করেন যুবরাজ। সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনের তরফে ভারতীয় পাইলটের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। স্মিতকে তাঁদের দলের এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন যুবরাজ।

শনিবারই ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলার ঘটনা নিয়ে প্রথম সরকারি বিবৃতি দেয় সংযুক্ত আরব আমিরশাহি। আমিরশাহির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ককপিটে রাখা কুঠার দিয়ে ক্যাপ্টেন স্মিতের উপর হামলা চালিয়েছিলেন হামাম এবং বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ারও চেষ্টা করেছিলেন তিনি। ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসাবেই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আমিরশাহি।

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে যাত্রী ও কর্মী মিলিয়ে ১৮২ জন ছিলেন। মাঝ আকাশে সহ-পাইলট হামাম আলহামামির হামলায় গুরুতর জখম হন ক্যাপ্টেন স্মিত। আহত অবস্থাতেও ককপিটের দরজা খুলে দেন তিনি। এরপর বিমানের কয়েকজন যাত্রী এবং কর্মীরা ককপিটে ঢুকে হামামকে কাবু করেন। পরে অন্য পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা, নিরাপদে উদ্ধার ৫ ভারতীয় নাবিক

ফ্লাইদুবাইয়ের ওই বিমানের ঘটনার পর স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গুরুতর জখম স্মিত বর্তমানে আবু ধাবির হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।