প্রথম থেকেই এশিয়ান গেমসে ফেভারিট দল ছিল। সেই মতো প্রত্যাশা পূরণ করল ভারত। শনিবার এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনার পদক জিতল ভারতীয় ক্রিকেট দল। রুদ্ধশ্বাস ম্যাচে ব্যাট হাতে অভিষেক শর্মা ও তিলক বর্মার ঝোড়ো অর্ধশতরানের পর ভারত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান তোলে। জবাবে পাকিস্তান ৬ ইউকেটে ১৯২ রানেই আটকে যায়। এর আগে মহিলা ক্রিকেট দলও সোনা জিতেছিল।
অভিষেকের ঝোড়ো শুরু, পাওয়ারপ্লেতেই ৮১ রান
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমে বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা শুরু থেকেই পাকিস্তানের বোলারদের উপর চাপ তৈরি করে। সাদ মাসুদের দ্বিতীয় ওভার থেকেই আসে ২৪ রান।
এর পর সাইম আইয়ুবের বলে ৯ বলে ১৫ রান করে আউট হন বৈভব। তাঁর ইনিংসে ছিল দু’টি ছক্কা। তবে অভিষেকের আক্রমণ থামেনি। আইয়ুবের ওভারে একটি ছক্কা এবং পর পর দু’টি চার মেরে দ্রুত রান তুলতে থাকেন তিনি।
চতুর্থ ওভারে আহমেদ দানিয়ালের বলে মাত্র ২ রান করে ফিরে যান সঞ্জু স্যামসন। পঞ্চম ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৬৩/২।
এর পর আরও বিধ্বংসী ব্যাটিং করেন অভিষেক। ষষ্ঠ ওভারের শেষ বলে মাত্র ২০ বলে অর্ধশতরান করেন তিনি। পাওয়ারপ্লে শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৮১/২। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিকে এটাই ভারতের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। এর আগে ২০২৫ সালের এশিয়া কাপের সুপার ফোরে ৬৯/০ ছিল সর্বোচ্চ।
𝗚𝗢𝗟𝗗 𝗠𝗘𝗗𝗔𝗟𝗟𝗜𝗦𝗧𝗦 𝗔𝗚𝗔𝗜𝗡 🥇
Congratulations #TeamIndia for successfully defending the Asian Games Gold Medal 👏👏
Scorecard ▶️ https://t.co/g4wzZagyGj#AsianGames pic.twitter.com/sg7z4dhUzH
— BCCI (@BCCI) October 3, 2026
২৮ বলে ৬১ করে থামেন অভিষেক
অষ্টম ওভারে আরাফাত মিনহাসের বলে স্টাম্পড হয়ে অভিষেকের দুরন্ত ইনিংস শেষ হয়। ২৮ বলে ৬১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি ছক্কা এবং তিনটি চার।
১০ ওভার শেষে ভারত ১১৪/৩। এরপর পাকিস্তানের বোলাররা রান তোলার গতি কিছুটা কমানোর চেষ্টা করেন। ১৪তম ওভারে মিনহাস ইশান কিশনকে ১৮ বলে ২০ রানে বোল্ড করেন। পরের ওভারেই ২১ রান করে আউট হন শ্রেয়স আইয়ার। ১৬ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৪২/৫।
আরও পড়ুন: রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে ইতিহাস গড়লেন কুমকুম, এই ইভেন্টে প্রথম সোনা পেল ভারত
তিলকের ঝড়ে ২০০ পার ভারত
শেষের দিকে দায়িত্ব নেন তিলক বর্মা। ১৮তম ওভারে সুফিয়ান মুকিমকে একটি চার এবং পর পর দু’টি ছক্কা মারেন তিনি। পরের ওভারে সাইম আইয়ুবের বলে শিবম দুবের সঙ্গে মিলে ২৩ রান তুলে ভারতকে ১৯৫/৫-এ পৌঁছে দেন।
শেষ ওভারের শুরুতেই দানিয়ালের বলে ১৫ বলে ২৭ রান করে আউট হন দুবে। কিন্তু তিলক আক্রমণ চালিয়ে যান। পর পর দু’টি ছক্কা মেরে মাত্র ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিলক। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং চারটি ছক্কা। ভারত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান তোলে।
পাকিস্তানের হয়ে দানিয়াল এবং মিনহাস দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাইম আইয়ুব ও আবরার আহমেদ।
শুরুতেই চাপে পাকিস্তান
২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা গতি আনে পাকিস্তান। জসপ্রীত বুমরাহর প্রথম ওভারেই দু’টি নো-বল-সহ ১১ রান আসে। সাহিবজাদা ফরহান এবং মাজ় সাদাকাতও শুরুতে কয়েকটি বাউন্ডারি মারেন।
তবে ওয়াশিংটন সুন্দর প্রথম ধাক্কা দেন। ১১ বলে ১০ রান করে আউট হন ফরহান। এরপর উসমান খানকে ৩ রানে ফেরান অক্ষর পটেল। একই ওভারে ১৮ বলে ২৩ রান করা মাজ়কেও ফিরিয়ে দেন তিনি। ৬.১ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩৯/৩।
আরও পড়ুন: ইতিহাস গড়ে এশিয়ান গেমসে গোল্ফে সোনা প্রণবী উরসের, মহিলাদের দলগত ইভেন্টে রুপো ভারতের
হাসান ও সাইমের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
এর পর হাসান নওয়াজ এবং সাইম আইয়ুব পাকিস্তানের রান তাড়ায় নতুন প্রাণ সঞ্চার করেন। ভারতের স্পিনারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন তাঁরা। ১০তম ওভারে রবি বিষ্ণোইকে পর পর দু’টি ছক্কা মারেন হাসান। অভিষেক শর্মার বিরুদ্ধেও বাউন্ডারি আসে সাইমের ব্যাট থেকে।
১৩তম ওভারে ১০০ রান পার করে পাকিস্তান। ভারতের উপর ফের চাপ তৈরি করা হয়। তবে ১৪.১ ওভারে শিবম দুবের বলে ২২ বলে ২৯ রান করে আউট হন সাইম। ক্যাচ নেন ওয়াশিংটন সুন্দর। তখন পাকিস্তানের স্কোর ১২৬/৪।
হাসান অবশ্য আক্রমণ চালিয়ে যান। অক্ষর পটেলকে ছক্কা মারার পর ১৭তম ওভারে দুবের বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানের জয়ের সম্ভাবনা জিইয়ে রাখেন। ১৮ বলে তখন প্রয়োজন ছিল ৫২ রান।
৯৬ রান করেও দলকে জেতাতে পারলেন না হাসান
হাসান নওয়াজ ব্যক্তিগত ভাবে দুর্দান্ত ইনিংস খেলেন। ৪০ বলে ৭৯ রান করার পর শেষ পর্যন্ত ৫১ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং সাতটি ছক্কা।১৭.৩ ওভারে ওয়াশিংটন সুন্দর আবদুল সামাদকে ৯ রানে ফেরান। এরপর সাদ মাসুদের ব্যাটে কিছু রান এলেও প্রয়োজনীয় রানরেট ক্রমশ বেড়ে যায়।
শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। ভারতের বোলাররা শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে পাকিস্তানকে ১৯২/৬-এ আটকে দেন। ভারতের হয়ে সুন্দর ২৯ রানে ২ উইকেট এবং শিবম দুবে ৩৩ রানে ২ উইকেট নেন। অক্ষর পটেলও গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানের টপ অর্ডারে ধাক্কা দেন।
ক্রিকেটে ভারতের জোড়া সোনা
পুরুষদের সোনা জেতার আগে এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের ফাইনালেও জয় পেয়েছিল ভারত। শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা জিতেছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল। দুই ফাইনালেই জয় নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে বৃত্ত সম্পূর্ণ করল ভারত।
দেখুুন: ব্রাজিল ম্যাচে ভারতের রণকৌশল কী? অনুশীলনে কি মিলল তার ইঙ্গিত?




