• facebook
  • twitter
  • youtube
Friday, 2 October, 2026

হাওড়ায় দিনেদুপুরে বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণের অভিযোগ, অস্ত্র-সহ গ্রেপ্তার ৭

তাছাড়া এই অপহরণের ঘটনা নিয়ে হাওড়া পুলিশের ডিসিপি (নর্থ) অম্লান কুসুম ঘোষ জানান, অপরাধের মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে

হাওড়ায় দিনেদুপুরে বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণের অভিযোগ, অস্ত্র-সহ গ্রেপ্তার ৭

Howrah Police Arrested Seven Photo-SNS

প্রকাশ্য রাস্তা থেকে একেবারে দিনেদুপুরে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। আর ওই অপহরণের ঘটনার তদন্তে নেমে অপহৃতকে উদ্ধার করার পাশাপাশি সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। এমনকী অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে আছে খুনের মামলায় দীর্ঘ সাজা খাটা এক কুখ্যাত দুষ্কৃতীও। হাওড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ করা ব্যক্তিকে অবশেষে উদ্ধার করল পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া ঝিল রোডের একটি বহুতল থেকে অপহৃত ব্যক্তি পেয়ারেলালকে নিরাপদে উদ্ধার করা হয়। এমনকী এই ঘটনায় যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রাহুল মল্লিক-সহ মোট সাতজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি এবং লিলুয়া থানার যৌথ টিম।

গত বুধবার হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রেলের সাবওয়ের সামনে থেকে পেয়ারেলালকে অপহরণ করা হয়। মোটরবাইকে চেপে এসে দুষ্কৃতীরা তাঁকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত নজরদারির উপর ভিত্তি করে তদন্তকারীরা অপহৃত ব্যক্তির অবস্থান চিহ্নিত করে ফেলেন। তারপরই পরিকল্পনা করে অভিযান চালান। ধৃতদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড তাজা কার্তুজ, ৯টি মোবাইল ফোন এবং একটি ট্যাব বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার বেশি রাতে লিলুয়া ঝিল রোড এলাকার এক বহুতল আবাসনের ফ্ল্যাটে হানা দেয় যৌথ টিম। ওই ফ্ল্যাট থেকেই অপহৃত পেয়ারেলালকে উদ্ধার করা হয়। আর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সাত অপহরণকারীকে।

কিন্তু কেন এই অপহরণ? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পুলিশের একটা সূত্র জানাচ্ছে, এই গ্যাং দুর্গাপুজোর আগে মোটা টাকা রোজগার করার ছক কষেছিল। সেই টাকা নিয়ে ভিন রাজ্যে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল। যাতে তাদের কেউ টিকিও ছুঁতে না পারে। এই অপহরণ করার আগে রেইকি করা হয়েছিল। পেয়ারেলালের অবস্থা বেশ ভাল। পরিবার বেশ সচ্ছল। সেটা জানতে পেরেই এই অপহরণের ছক কষা হয়েছিল। যদিও পুলিশের তৎপরতায় সবটাই ভেস্তে গেল।

তাছাড়া এই অপহরণের ঘটনা নিয়ে হাওড়া পুলিশের ডিসিপি (নর্থ) অম্লান কুসুম ঘোষ জানান, অপরাধের মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে জেরা করা হবে। মোটা অঙ্কের টাকা আদায়ের লক্ষ্যেই এই অপহরণ বলে মনে করা হচ্ছে। মূল অভিযুক্ত রাহুল মল্লিক একটি খুনের মামলায় ১৬ বছর জেল খেটে কদিন আগে বাইরে এসেছে। শুক্রবার ধৃতদেরকে হাওড়া আদালতে তোলা হয়। পেয়ারেলাল নিজেও হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সবজি বাজার এলাকায় নানা অসামাজিক কাজকর্মের সঙ্গে আগে যুক্ত ছিল। তার কাছ থেকে মোটা টাকা আদায়ের করতেই এই অপহরণের ছক কষা হয়েছিল।