• facebook
  • twitter
  • youtube
Thursday, 1 October, 2026

ভয়াবহ ভূমিধস কুমায়ুনে! পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ল, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে ভয়াবহ ভূমিধসের একটি ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাহাড়ের ঢাল থেকে

ভয়াবহ ভূমিধস কুমায়ুনে! পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ল, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

PIC-X

উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে ভয়াবহ ভূমিধসের একটি ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাহাড়ের ঢাল থেকে হঠাৎ বিশাল পরিমাণ মাটি, পাথর ও ধ্বংসাবশেষ নীচের দিকে নেমে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের বড় একটি অংশ ভেঙে পড়ায় চারদিকে তৈরি হয় ধুলোর মেঘ। তবে ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ঘটনাটি কুমায়ুনের ঠিক কোন এলাকায় ঘটেছে এবং এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাহাড়ের ঢাল থেকে টন টন মাটি ও পাথর প্রবল গতিতে নীচে নেমে আসছে। দূরে দাঁড়িয়ে থাকা কয়েক জনকে আতঙ্কিত ভাবে সেই দৃশ্য দেখতে দেখা যায়। ‘সুরজিৎ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। নেটাগরিকদের একাংশ বিস্ময় প্রকাশ করলেও, অনেকে পাহাড়ি এলাকার সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

উল্লেখ্য, কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে অস্থিতিশীল আবহাওয়া চলছে। গত সপ্তাহে রাজ্যের নিচু এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং উঁচু এলাকায় তুষারপাতের খবর মিলেছিল। এর আগে সেপ্টেম্বরেও ভারী বৃষ্টি ও ভূমিধসের জেরে একাধিক জেলায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তীর্থযাত্রাও সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়েছিল। পিথৌরাগঢ়-টনকপুর মহাসড়কের একটি অংশেও পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে যান চলাচল ব্যাহত হয়েছিল।

এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চমোলী, বাগেশ্বর, নৈনীতাল, আলমোড়া এবং পিথৌরাগঢ়ে বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ্যের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। সমতল এলাকার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশারও পূর্বাভাস রয়েছে।

তবে ভাইরাল ভিডিয়োটি কোথাকার এবং ঠিক কবে সেটি ধারণ করা হয়েছে, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটিকে কুমায়ুনের সাম্প্রতিক ভূমিধসের দৃশ্য হিসেবে চূড়ান্ত ভাবে দাবি করা যাচ্ছে না।