• facebook
  • twitter
  • youtube
Wednesday, 30 September, 2026

গুজরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৭, আহতদের মধ্যে বাংলার এক যাত্রী  

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং এক্সপ্রেসওয়ে অ্যাম্বুল্যান্স ইউনিট। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর দেওয়া হয়। পরে তাঁদের নাদিয়াদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুজরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৭, আহতদের মধ্যে বাংলার এক যাত্রী  

প্রতীকী চিত্র

গুজরাতে বুধবার ভোররাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে মৃত্যু হল ৭ যাত্রীর। আহত হয়েছেন আরও ৬ জন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের এক যাত্রীও রয়েছেন। বুধবার ভোর ৩টে নাগাদ আনন্দ জেলার বোরিয়াভির কাছে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

সুরাতের সাই দর্শন ট্রাভেলসের একটি বিলাসবহুল বাস রাজস্থানের দিকে যাচ্ছিল। সেই সময় একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের জেরে বাসটির একটি দিক সম্পূর্ণ দুমড়ে যায়। দুর্ঘটনার ভয়াবহতা বাসটির ক্ষতিগ্রস্ত অংশ দেখেই বোঝা যায় বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং এক্সপ্রেসওয়ে অ্যাম্বুল্যান্স ইউনিট। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর দেওয়া হয়। পরে তাঁদের নাদিয়াদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন হিম্মতনগরের বিশাল ত্রিবেদী, রজনীকান্তভাই, রমেশ শর্মা, জিতেন্দ্র নটিঝালা, পশ্চিমবঙ্গের পীযূষসিংহ মণ্ডল এবং সুরাতের গণেশ যাদব। তাঁদের কয়েক জনের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। রজনীকান্তভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জিতেন্দ্রর হাতেও গুরুতর চোট লেগেছে।

আরও পড়ুন: পহেলগাম হামলার পর ভাইরাল সেই ছবির ৪ জঙ্গিই মৃত

দুর্ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুল্যান্সকর্মীরা যৌথভাবে উদ্ধারকাজ চালান। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ৭ যাত্রীর পরিচয়ও জানার চেষ্টা চলছে।