বাংলার সিনিয়র দলে ফিরে এলেন অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েল। রঞ্জি ট্রফি শুরু হওয়ার মুখে যে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি যাবে বাংলা দল, সেই দলে অভিষেক পোড়েলকে রাখা হয়েছে। সুদীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই দল গুয়াহাটিতে প্র্যাকটিস ম্যাচ খেলবে আগামী সপ্তাহে। সে জন্য বাংলা দল যাবে বুধবার। সেই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে অভিষেককে।
ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে। ইমামি সিটি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল ১০ অগাস্ট।
এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ করে থানায় নালিশ জানানো হয়েথিল তাঁর বিরুদ্ধে। এমনকী, এক ডাক্তারি পড়ুয়া তরুণীকে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করেছিলেন, এই অভিযোগও করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ এবং তথ্যপ্রযুক্তি আইনের মোট ন’টি ধারায় মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে মগড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলা আদালতে ওঠার পর তাঁকে ৩৬ দিন জেলে থাকতে হয়। ১৭ সেপ্টেম্বর জামিন পান তিনি এবং তার পরেই বাংলা শিবিরে যোগ দেন। তিনি জেলে থাকার সময় বাংলার সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছিল, যাতে অভিষেককে রাখা হয়নি। তখনই রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি সূত্রে জানা গিয়েছিল, জামিন পাওয়ার পর তাঁকে শিবিরে ডাকা হতে পারে। সেটাই হল এবং তাঁকে এবার দলেও নেওয়া হল।
অভিষেক বাংলা দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। কিন্তু দিনের পর দিন জেল হেফাজতে থাকার সময় তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যায়। এই ধাক্কা সামলে তিনি আদৌ ক্রিকেটে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে চন্দননগরের অভিষেক মাঠে ফিরে আসেন এবং এ বার বাংলার হয়ে হয়তো মাঠেও নামবেন।
বাংলার রঞ্জি অভিযান শুরু হচ্ছে ১১ অক্টোবর দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ইডেনে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মহালয়া উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান থাকায় ইডেন পাওয়া যাবে না। তাই ম্যাচটি হবে কল্যাণীতে। এই ম্যাচের আগে প্রস্তুতি সারতেই বাংলা যাচ্ছে গুয়াহাটিতে। দল ফিরে আসবে ৬ অক্টোবর। এই দলের অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। এ ছাড়াও ১৬ জনের দলে অভিমন্যু ঈশ্বরণ, প্রদীপ্ত প্রামানিক, আমির গনি, সূরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, গীত পুরি, ইশান পোড়েলের মতো নামী ক্রিকেটাররাও রয়েছেন।
তবে এই দলের সঙ্গে হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা যেতে পারবেন না। কারণ, অবশিষ্ট ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে তাঁকে রওনা দিতে হয়েছে শ্রীনগরে। সেখানে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে অবশিষ্ট ভারত একাদশ পাঁচ দিনের ম্যাচ খেলতে মাঠে নামবে ১ অক্টোবর। ৫ অক্টোবর এই ম্যাচ শেষ করে শুক্লা কলকাতায় ফিরবেন পরের দিন। ৭ তারিখে বাংলা দল ফিরলে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে। রঞ্জির প্রথম ম্যাচের দলে অভিষেককে রাখা হবে কি না, তা নির্ভর করছে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্সের ওপর।
অর্থাৎ, গুয়াহাটির এই প্রস্তুতি ম্যাচেই তাঁর ক্রিকেট কেরিয়ারে এক জীবনরেখা পেয়ে গেলেন অভিষেক পোড়েল, যার সাহায্যে তিনি অতীতের যাবতীয় অন্ধকার পিছনে ফেলে ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসতে পারেন কি না, সেটাই দেখার।




