• facebook
  • twitter
  • youtube
Sunday, 27 September, 2026

উত্তরপাড়ার রেশ বেলেঘাটাতেও! নিজের কেন্দ্রেই গাড়ি ভাঙচুর, প্রাণ বাঁচাতে থানায় কুণাল

শনিবার যে ঘটনা ঘটেছিল তাতে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, এসবের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তারপরই হামলাকারীদের

উত্তরপাড়ার রেশ বেলেঘাটাতেও! নিজের কেন্দ্রেই গাড়ি ভাঙচুর, প্রাণ বাঁচাতে থানায় কুণাল

MLA Kunal Ghosh Photo-ANI

উত্তরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হয়ে ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ভাঙচুর করা হয়েছিল তাঁর গাড়ি। এবার নিজের বিধানসভা কেন্দ্রেই ‘আক্রান্ত’ হলেন বিধায়ক কুণাল ঘোষ। রবিবার আবারও বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। বিধায়কের বাড়ির সামনে রিভলভার হাতে অনুসরণ করেন কয়েকজন। হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয়। বাধ্য হয়ে তাঁর নিরাপত্তারক্ষীরাও বন্দুক বের করেন। নারকেলডাঙা থানায় অভিযোগ জানাতে গিয়েছেন কুণাল ঘোষ বলে খবর।

কুণাল ঘোষের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালিয়েছে বিজেপির বাইক বাহিনী। এই হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন বিধায়ক। কুণাল ঘোষ বলেন, ‘আমাকে প্রাণে মারতেই এসব করা হয়েছে। বিজেপি এবং পুলিশ তাতে জড়িত। আমার উপর আবার হামলা চালানো হয়েছে। আমি বেলেঘাটায় এক অনুষ্ঠানে ঢুকছিলাম। বাইক বাহিনী ঘিরে আমার গাড়ি চুরমার করে দিয়েছে। এদিন ৩৬ নম্বর ওয়ার্ডে আমার যাওয়ার কথা ছিল। বাড়ি থেকে বের হওয়ার পরই রিভলভার হাতে আমাকে অনুসরণ করতে থাকে কয়েকজন। আমার গাড়ির সামনের এবং পিছনের কাচ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। হাতুড়ি দিয়ে কাচ ভাঙা হয়। নারকেলডাঙা পর্যন্ত তাঁর গাড়ি ধাওয়া করা হয়।’

এই হামলার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের কাছে একটি অডিও বার্তা পাঠান কুণাল ঘোষ। বিধায়কের অভিযোগ, তাঁর গাড়ি ধাওয়া করে হামলা করা হয়। হাতুড়ি দিয়ে ভাঙচুর করা হয়। অডিও বার্তায় কুণালের দাবি, ‘আমার উপর আবার হামলা চালানো হয়েছে। আমার গাড়ি চুরমার করে দিয়েছে। সশস্ত্র রিভলবার নিয়ে হাতুড়ি দিয়ে কাচ ভেঙে আমাকে বের করতে যাচ্ছিল। সেখান থেকে কোনওরকমে আমার সহকর্মী চালক এবং আমি নারকেলডাঙা থানায় এসে ঢুকেছি। আমি বাঁচতে ঢুকেছি নারকেলডাঙা থানায়। একেবারে বেলেঘাটা থেকে অনুসরণ করেছে বিজেপির গুন্ডা বাহিনী। তারা সশস্ত্র অবস্থায় আসে। হিন্দি, দক্ষিণী সিনেমায় এসব দেখা যায়। আমাকে যে কোনওদিন মেরে ফেলবে ওরা। আমার গুলিবিদ্ধ দেহের ছবি তুলবেন। বিজেপি আমায় মেরে ফেললেও আমার কণ্ঠরোধ করা যাবে না।’

শনিবার যে ঘটনা ঘটেছিল তাতে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, এসবের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তারপরই হামলাকারীদের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে কুণাল প্রমাণ দেন বিজেপিরই লোকেরাই তাঁর উপর হামলা চালিয়েছিল। তারপরই রবিবার আবার হামলা হওয়ায় সরগরম হয়ে ওঠে ছুটির সকাল। এই বিষয়ে কুণাল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, ‘নিজের সমাজমাধ্যম আ্যাকাউন্টে অভিযু্ক্তদের সঙ্গে বিজেপি বিধায়কের ছবি প্রকাশ করেছি। আমায় ওরা মারতে চায়।’ আর বিজেপি বিধায়ক সজল ঘোষের বক্তব্য, ‘এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমার বিশ্বাস ঘটনাস্থলে কুণাল ঘোষ ছিলেন না। দোষীদের শাস্তির দাবি করছি।’