কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে কাজ শুরু করেছে অষ্টম বেতন কমিশন। নতুন বেতন কাঠামো নিয়ে কর্মী সংগঠন, পেনশনভোগী-সহ বিভিন্ন অংশীদারের সঙ্গে ধারাবাহিক ভাবে আলোচনা চলছে। এই আবহেই লেভেল-৮ কর্মীদের বেতন দ্বিগুণেরও বেশি বাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রস্তাবিত হিসাব কার্যকর হলে সংশ্লিষ্ট কর্মীদের মাসিক বেতন দেড় লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টরের। এই ফ্যাক্টরের ভিত্তিতেই নতুন মূল বেতন নির্ধারণ করা হয়। পাশাপাশি মহার্ঘ ভাতা বা ডিএ-র হারও সংশোধিত বেতনের অঙ্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। সেই সময় ষষ্ঠ বেতন কমিশনের নির্ধারিত মূল বেতনকে ২.৫৭ দিয়ে গুণ করে সংশোধিত মূল বেতন নির্ধারণ করা হয়েছিল। যদিও সব মিলিয়ে কর্মচারীদের মোট বেতন বৃদ্ধির হার ছিল ১৪.২৮ শতাংশ। সেই হিসাবের মধ্যেই মহার্ঘ ভাতার প্রভাব ধরা হয়েছিল।
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সময় মহার্ঘ ভাতা ৬৬ শতাংশে পৌঁছতে পারে বলে বিভিন্ন মহলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ রাখা হলে লেভেল-৮ কর্মীদের মোট মাসিক বেতন প্রায় ৬৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের হিসাব।
বর্তমানে লেভেল-৮ কর্মীদের মূল বেতন ৪৭,৬০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ ধরা হলে নতুন মূল বেতন দাঁড়াবে প্রায় ১ লক্ষ ২২ হাজার ৩৩২ টাকা। মহার্ঘ ভাতা-সহ অন্যান্য হিসাব যোগ করলে মাসিক মোট বেতন প্রায় ১ লক্ষ ৫১ হাজার ৬৯২ টাকা হতে পারে।
অর্থাৎ, এই হিসাব অনুযায়ী মূল বেতন প্রায় ১৫৭ শতাংশ বাড়লেও মোট মাসিক বেতন বৃদ্ধির হার হবে প্রায় ৬৮ শতাংশ। তবে এই অঙ্ক এখনও চূড়ান্ত নয়। ফিটমেন্ট ফ্যাক্টর শেষ পর্যন্ত কত নির্ধারণ করা হচ্ছে, তার উপরই সংশোধিত বেতনের প্রকৃত অঙ্ক নির্ভর করবে।
ফিটমেন্ট ফ্যাক্টর ২ অথবা ২.৩৮ নির্ধারণ করা হলে বেতন বৃদ্ধির পরিমাণ তুলনায় কম হবে। ফলে অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ না হওয়া পর্যন্ত লেভেল-৮ কর্মীদের নতুন বেতন কত দাঁড়াবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আগামী ৭-৮ অক্টোবর এবং ২২-২৩ অক্টোবর বেঙ্গালুরু ও মুম্বইয়ে কর্মচারী এবং পেনশনভোগীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করার কথা অষ্টম বেতন কমিশনের প্রতিনিধিদের। ওই বৈঠকগুলিতে বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর-সহ একাধিক বিষয় নিয়ে মতামত নেওয়া হবে।




