• facebook
  • twitter
  • youtube
Saturday, 26 September, 2026

একই দিনে জোড়া সোনা! এশিয়ান গেমসে কাবাডির দুই সোনার পদকই ধরে রাখল ভারত

দুই দলের সোনা নিশ্চিত হওয়ার পরে ভারতীয় খেলোয়াড়েরা কোর্টে বিজয়-উৎসবে মেতে ওঠেন। গোটা অ্যারেনা ঘুরে জয়োল্লাসের

একই দিনে জোড়া সোনা! এশিয়ান গেমসে কাবাডির দুই সোনার পদকই ধরে রাখল ভারত

India kabaddi Team Taking National Flag From PT Usha. Pic X

একই দিনে দু’বার সোনার হাসি। এশিয়ান গেমসে কাবাডির মঞ্চ আবারও দেখল ভারতের দাপট। শনিবার ইরানকে হারিয়ে পুরুষ এবং মহিলা—দুই দলই ধরে রাখল তাদের সোনা। প্রথমে মহিলা দল জিতল ৩৭-৩৪। তার পরে পুরুষদের ফাইনালে ইরানকে ৪০-৩৪ হারিয়ে খেতাব ধরে রাখল ভারত। অর্থাৎ কাবাডিতে এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় সাফল্যের মুকুটে যোগ হল জোড়া সোনা।

পুরুষদের ফাইনাল অবশ্য একেবারেই সহজ ছিল না। একটা সময় ম্যাচের স্কোর ছিল ২০-২০। হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুই দলের মধ্যে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ব্যবধান তৈরি করে ভারত। শেষ পর্যন্ত ছয় পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে সোনা নিশ্চিত করেন সুনীল কুমাররা। এশিয়ান গেমসে এটি ভারতের পুরুষ কাবাডিতে নবম সোনা।

ভারতের পুরুষ কাবাডি দল এক সময় টানা সাতটি এশিয়ান গেমসে সোনা জিতেছিল। সেই দাপটে ভাটা পড়ে ২০১৮-র জাকার্তা গেমসে। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ইরান, ভারত শেষ করেছিল চতুর্থ স্থানে। ২০২৩-এর হ্যাংঝৌ এশিয়ান গেমসে আবার সোনা ফিরে পায় ভারত। এ বার নাগোয়ায় সেই খেতাব ধরে রেখে ফের নিজেদের আধিপত্যের বজায় রাখল ভারতীয় দল।

 

মহিলাদের ফাইনালেও কম নাটক ছিল না। প্রথমার্ধে ইরানের বিরুদ্ধে ২২-১৬ এগিয়ে ছিল ভারত। মনে হচ্ছিল, ম্যাচ নিয়ন্ত্রণেই রয়েছে ভারতীয় দল। কিন্তু দ্বিতীয়ার্ধে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ায় ইরান। দ্বিতীয় ২০ মিনিটে ১৮-১৫ এগিয়ে যায় তারা। তবু প্রথমার্ধের পাঁচ পয়েন্টের লিডই শেষ পর্যন্ত ভারতের রক্ষা-কবচ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৩৭-৩৪ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করে ভারত।

মহিলাদের কাবাডিতে ২০১৮-র জাকার্তা গেমসই একমাত্র ব্যতিক্রম। সে বার ফাইনালে ইরানের কাছে হেরে রুপো পেয়েছিল ভারত। তার আগে এবং পরে এশিয়ান গেমসের মঞ্চে সোনাই এসেছে ভারতীয় মেয়েদের হাতে। নাগোয়ায় সেই ধারাই বজায় রাখল তারা। মজার ব্যাপার, দুই ফাইনালেই প্রতিপক্ষ ছিল ইরান।

দুই দলের সোনা নিশ্চিত হওয়ার পরে ভারতীয় খেলোয়াড়েরা কোর্টে বিজয়-উৎসবে মেতে ওঠেন। গোটা অ্যারেনা ঘুরে জয়োল্লাসের পাশাপাশি তাঁরা গেয়ে ওঠেন ‘বন্দে মাতরম’। এক দিনে দুই সোনা—নাগোয়ায় ভারতীয় কাবাডির রাত তাই হয়ে রইল স্মরণীয়।