• facebook
  • twitter
  • youtube
Friday, 25 September, 2026

বন্ধ বাগান খুলতে ৭ দিনের আল্টিমেটাম সরকারের, উদ্ধার ১০০ কোটি টাকার পিএফ, কড়া বার্তা শ্রমমন্ত্রীর

বৈঠকে শ্রমমন্ত্রী অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন রাষ্ট্রমন্ত্রী আনন্দময় বর্মন, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, সাংসদ রাজু বিস্তা, সাংসদ মনোজ টিগ্গা, দপ্তরের আধিকারিকবৃন্দ এবং বাগান মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা

বন্ধ বাগান খুলতে ৭ দিনের আল্টিমেটাম সরকারের, উদ্ধার ১০০ কোটি টাকার পিএফ, কড়া বার্তা শ্রমমন্ত্রীর

Image: SNS

রাজ্যজুড়ে চা বাগান শিল্পের জট কাটাতে ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় এবার চরম কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। বন্ধ থাকা চা বাগানগুলি পুনরায় চালু করার জন্য মালিকপক্ষকে স্পষ্ট ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং(Arjun Singh)। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না মেটালে বা বাগান চালু না করলে সরকার তা অধিগ্রহণ করে নতুন উপযুক্ত সংস্থার হাতে তুলে দেবে বলে সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্সের শ্রমিক ভবনে চা বাগান সংক্রান্ত এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন রাষ্ট্রমন্ত্রী আনন্দময় বর্মন, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, সাংসদ রাজু বিস্তা, সাংসদ মনোজ টিগ্গা, দপ্তরের আধিকারিকবৃন্দ এবং বাগান মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)  জানান, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও ডুয়ার্স মিলিয়ে প্রায় ৩৫টি চা বাগান নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে ২১টি বাগান খাতায়-কলমে বন্ধ এবং বাকি বাগানগুলিতে অনিয়মের অভিযোগ রয়েছে। বন্ধ বাগানগুলিতে বেআইনিভাবে চা পাতা বিক্রি রোধ করতে এবং সার্বিক নজরদারির জন্য চা বোর্ড, শ্রম দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর এবং ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বাংলার ছৌ নৃত্যের আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনা

শ্রমিকদের বকেয়া পাওনা মেটানো নিয়ে মন্ত্রী বলেন, ‘অতীতে ভুল চুক্তি ও অনিয়মের কারণে বহু বাগান সমস্যায় পড়েছিল। তবে সরকার কড়া পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বকেয়া প্রায় ১০০ কোটি টাকা উদ্ধার করেছে। গতকাল রাতেও এক ব্যক্তির কাছ থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই ২৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’

চা বাগান শিল্পে নতুন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে শ্রমমন্ত্রী (Arjun Singh) স্পষ্ট করেন, ‘যারা নতুন করে বাগান চালাতে চাইবেন বা যেসব প্রমোটার দায়িত্ব নেবেন, তাদের আগে আগের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। পুজোর আগেই শ্রমিকদের ২০ শতাংশ বোনাস নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই ১৯টি বাগান বোনাস দিয়ে দিয়েছে, বাকিরাও দ্রুত দিয়ে দেবে।’

আরও পড়ুন: বিষের শিশিতে পুরনো কলকাতার গল্প, সঙ্গে সিগারেট প্যাকেটের মৌতাত, বিশেষ প্রদর্শনী উত্তর কলকাতায়

বৈঠকে উপস্থিত সাংসদ রাজু বিস্তা বিগত তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, ‘আগের সরকার চা বাগানে কিছু দালাল পুষে রেখেছিল, যারা সব অনিয়ম পরিচালনা করত। বর্তমান সরকার এসে সব প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনছে। মালিকদেরও এবার সজাগ হতে হবে, কারণ পুরনো আমলের মতো অনিয়ম করে আর বাগান চালানো যাবে না।’  অবৈধভাবে চোরাই পথে চা পাতা বিক্রি ও শ্রমিকদের বঞ্চিত করার বিরুদ্ধে জেলা ও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই কঠোর অবস্থানে আশার আলো দেখছেন উত্তরবঙ্গের হাজার হাজার চা বাগান শ্রমিক।

দেখুন: