আগামী সপ্তাহে কলকাতায় এসে পড়ছে বিশ্বফুটবলের দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। এক দিকে পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল (Brazil), অন্য দিকে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। অক্টোবরের শুরুতে ফুটবল-উন্মাদনায় ভাসতে চলেছে ফুটবল মক্কা। কিন্তু তার আগেই এল খারাপ খবর। চোটের কারণে কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে।
৩ অক্টোবর যুবভারতীতে ভারতের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। তার তিন দিন পরে, ৬ অক্টোবর একই মাঠে মুখোমুখি হবে ভারত ও উরুগুয়ে। ব্রাজিল (Brazil) কলকাতায় পৌঁছবে ১ অক্টোবর। উরুগুয়ে অবশ্য আরও আগে, ৩০ সেপ্টেম্বর শহরে আসার কথা।
আরও পড়ুন: রোনাল্ডিনহো জাদু, ফার্নান্দিনহোর হ্যাটট্রিক! কোচিতে ভারতকে হারাল ব্রাজিলের কিংবদন্তিরা
সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে উরুগুয়ে শিবির। রিয়াল মাদ্রিদের হয়ে আতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ডার্বিতে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ভালভের্দে। পরীক্ষার পরে রিয়াল জানিয়েছে, তাঁর চোট ‘গ্রেড থ্রি স্প্রেন’। ফলে এই আন্তর্জাতিক পর্বে দেশের হয়ে মাঠে নামতে পারবেন না উরুগুয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার।
নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে এই আন্তর্জাতিক পর্বে উরুগুয়ের সূচি বেশ ব্যস্ত। জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত—তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ভালভের্দে না থাকায় মাঝমাঠে অবশ্যই বড়সড় পরিবর্তন করতে হবে ফোরলানকে। তবে দলে রয়েছেন রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ, রদ্রিগো বেনতানকুর, লুকাস তোরেইরা এবং লিভারপুলের দারউইন নুনিয়েসের মতো পরিচিত মুখ।

ব্রাজিলের জোয়াও পেদ্রোর (João Pedro) চোটের খবর অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। পেদ্রোর (João Pedro) চোটের কারণেও ব্রাজিল (Brazil) কোচ কার্লো আনসেলোত্তিকে বদল করতে হয়েছে দলে। চেলসির স্ট্রাইকার জোয়াও পেদ্রো (João Pedro) চোটের জন্য অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর চোটের ধরন অবশ্য প্রকাশ করেনি ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে ফ্লুমিনেন্সের মিডফিল্ডার মাতেউস মার্তিনেল্লিকে।
তবে জোয়াও পেদ্রো (João Pedro) না থাকলেও ব্রাজিলের (Brazil) তারকার অভাব হচ্ছে না। আনসেলোত্তির দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং এন্ড্রিক, বার্সেলোনার রাফিনিয়া, পিএসজির মারকিনিয়োস, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েসরা। কলকাতার দর্শকদের নজর তাই এখনও থাকবে ব্রাজিলের তারকা-সম্ভারে।
আরও পড়ুন: ইরানি কাপে ঋষভ পন্থদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্ল
বিশেষ করে ভিনিসিয়াস ও এন্ড্রিককে নিয়ে এ শহরে উত্তেজনা তুঙ্গে। তবে রিয়াল মাদ্রিদের ম্যাচের সূচির কারণে তাঁদের ভারতে থাকার সময় নিয়ে আগেই আলোচনা শুরু হয়েছে। ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিরুদ্ধে রিয়ালের ম্যাচ রয়েছে। আর ব্রাজিল-ভারত ম্যাচ তার ঠিক এক সপ্তাহ আগে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠের মান নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলেন ব্রাজিল ফুটবলের কর্তারা। যদিও তাতে সংস্কার করা হয়েছে বলে মাঠ কর্তৃপক্ষের দাবি। তাই কলকাতার ম্যাচে ইউরোপের বিভিন্ন লিগে খেলা ব্রাজিলের তারকারা কতটা ভালো পারফরম্যান্স দেখাবেন, সেটাই প্রশ্ন। বেশিক্ষণ মাঠে নাও থাকতে পারেন তাঁরা।
কলকাতায় ব্রাজিল (Brazil)-উরুগুয়ে আসছে ঠিকই, কিন্তু দুই দলের দুই বড় তারকাকে ছাড়াই। তবু যুবভারতীতে পর পর দুই ম্যাচে দক্ষিণ আমেরিকার দুই বিশ্বচ্যাম্পিয়নকে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছে ফুটবলনগরী।
দেখুন:




