• facebook
  • twitter
  • youtube
Wednesday, 23 September, 2026

ইরানি কাপে ঋষভ পন্থদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্ল

বাংলা রঞ্জি ট্রফি দলের কোচ তিনি, প্রাক্তন বাংলা অধিনায়ক, খেলেছেন ভারতীয় দলেও—এ বার ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের কোচ

ইরানি কাপে ঋষভ পন্থদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্ল

বাংলা রঞ্জি ট্রফি দলের কোচ তিনি, প্রাক্তন বাংলা অধিনায়ক, খেলেছেন ভারতীয় দলেও—এ বার ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন লক্ষ্মীরতন শুক্ল। সব কিছু ঠিকঠাক চললে তাঁকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর পাওয়া গিয়েছে। বোর্ডের তরফে সিএবি-কেও জানিয়ে দেওয়া হয়েছে, লক্ষ্ণীকে যেন তৈরি থাকতে বলা হয়।

তবে লক্ষ্মীকে হেড কোচের দায়িত্ব দেওয়া হবে, এমন কোনো খবর নেই। তাঁকে সম্ভবত ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হতে চলেছে। বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন ওড়িশা তথা ভারতীয় দলের প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তিকে।

ইরানি ট্রফিতে প্রতি বছর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নদের সঙ্গে অবশিষ্ট ভারতীয় দলের মধ্যে পাঁচ দিনের ম্যাচ হয়। এ বছরও সেই ম্যাচ হবে ১ থেকে ৫ অক্টোবর, শ্রীনগরে। অবশিষ্ট ভারতীয় দলও ঘোষণা হয়ে গিয়েছে। এই দলের অধিনায়ক ঋষভ পন্থ। এ ছাড়াও এই দলে রয়েছেন সনৎ সাঙ্গোয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ খান (সহ-অধিনায়ক), স্মরণ রবিচন্দ্রন, মানব সুথার, সারাংশ জৈন, আকাশ দীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধুরী, আরিয়ান জুয়াল (উইকেটরক্ষক), আরিয়ান পাণ্ডে, অনুকূল রায় ও আয়ুষ দোসেজা। ঋষভের নেতৃত্বাধীন এই দলেরই ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে লক্ষ্মীরতন।

গত মরসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে জম্মু ও কাশ্মীর। রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার পথে ঘরের মাঠে সেমিফাইনালে তারা বাংলাকে হারিয়েছিল। বাংলা দলের কোচ হিসাবে জম্মু ও কাশ্মীরকে সেই ম্যাচে দমাতে পারেননি লক্ষ্মীরতন শুক্লরা। এ বার ফের সেই জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধেই ফের অন্যতম কোচের ভূমিকায় দেখা যেতে পারে বলে জানা গিয়েছে।

এই ম্যাচে নজর থাকবে জাতীয় নির্বাচকদেরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল গড়ার আগে এই ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচের দায়িত্ব পাওয়াটা লক্ষ্মীর কাছেও যথেষ্ট সন্মানের। এ বার তাঁকে বাংলার কোচের পদে বহাল রাখায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এ বার বোর্ড তাঁকে কোচ হিসেবে ডেকে নিলে সেই সিদ্ধান্তকেই স্বীকৃতি দেওয়া হবে বলা যায়।