বিদেশের মাটিতে নয়, এ বার আইপিএল নিলামের মঞ্চ বসছে ভারতেরই এক পর্যটনশহরে। ২০২৭ আইপিএলের নিলাম হবে ডিসেম্বর মাসে। এই নিলাম আয়োজনের কথা বুধবার জানিয়ে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। গত তিন বছর বিদেশে নিলাম আয়োজন করা হয়েছিল। এ বার সেই ধারা বদলে ভারতের মাটিতে ফিরছে আইপিএল নিলাম।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সইকিয়া বলেন, ‘গত তিন বছর আমরা বিদেশের তিনটি জায়গায়—সৌদি আরব, দুবাই এবং আবু ধাবিতে—আইপিএল নিলাম আয়োজন করেছি। এ বার ডিসেম্বর মাসে গোয়ায় এই নিলাম আয়োজন করতে চলেছি’।
অর্থাৎ, ২০২৭ আইপিএলের জন্য ক্রিকেটার কেনাবেচার সেই বহুল প্রতীক্ষিত মঞ্চ ফের তৈরি হবে ভারতের মাটিতেই। নিলামের নির্দিষ্ট দিন এখনও জানানো হয়নি। তবে ডিসেম্বরেই গোয়ায় অনুষ্ঠানটি হবে বলে স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সচিব।
গত কয়েক বছর ধরে আইপিএল নিলামের জন্য বিদেশি শহর বেছে নেওয়া হয়েছিল। ২০২৩-এর নিলাম হয়েছিল কোচিতে। তার পরের নিলামগুলির আসর বসে যথাক্রমে দুবাই, জেড্ডা এবং আবু ধাবিতে। ২০২৭-এর নিলামকে তাই ভারতে ফেরানো হচ্ছে দীর্ঘ বিরতির পরে।
এটি হতে চলেছে মিনি-অকশন। ২০২৭ আইপিএল হতে চলেছে লিগের ২০তম মরসুম। সেই কারণে মরসুমটিকে ঘিরে আরও বড় আকারে উদ্যাপনের পরিকল্পনাও রয়েছে বিসিসিআইয়ের। কী কী বিশেষ পরিকল্পনা রয়েছে, তা অবশ্য এখনও জানায়নি বোর্ড। ক্রমশ তারা জানাবে সে কথা।
ভারতীয় ক্রিকেটে এখন তাই এক দিকে আন্তর্জাতিক সূচি, অন্য দিকে ২০২৭ আইপিএলের প্রস্তুতি। তার মধ্যেই নিলামের জায়গা নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দিল বিসিসিআই—ডিসেম্বরেই তা হবে গোয়ায়।




