• facebook
  • twitter
  • youtube
Wednesday, 23 September, 2026

আজ শুরু আইএফএ শিল্ড, দুই প্রধানের কাছে ফের বড় চ্যালেঞ্জ, ক্রীড়াসূচি, কোথায়, কখন দেখবেন সরাসরি সম্প্রচার? জেনে নিন বিস্তারিত

আজ, বুধবার প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। যারা গতবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল

আজ শুরু আইএফএ শিল্ড, দুই প্রধানের কাছে ফের বড় চ্যালেঞ্জ, ক্রীড়াসূচি, কোথায়, কখন দেখবেন সরাসরি সম্প্রচার? জেনে নিন বিস্তারিত

Image: SNS

শুরু হওয়ার কথা ছিল সোমবার থেকেই। কিন্তু কলকাতার ফুটবলে কোনো কিছুই সহজে শুরু হয় না। এ বারের আইএফএ শিল্ডও (IFA Shield) তার ব্যতিক্রম হয়নি। নির্ধারিত সূচির দুদিন পর থেকেই শুরু হচ্ছে আইএফএ শিল্ড (IFA Shield)। যে টুর্নামেন্টের সূচনা ১৮৯৩ সালে। ভারতের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এটি, ডুরান্ড কাপ ও ট্রেডস কাপের পর এবং এশিয়া, তথা বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট।

আজ, বুধবার প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohan Bagan) । যারা গতবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলকে (East Bengal)  টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার তাদের প্রথম প্রতিপক্ষ আইএফএলের দল শ্রীনিধি ডেকান, যেখানে এ বার রয়েছেন মোহনবাগানের দুই প্রাক্তনী বাঙালি ফুটবলার প্রীতম কোটাল ও প্রণয় হালদার।

সদ্য আইএফএ লিগ (IFA Shield) চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ডুরান্ড কাপ ফাইনালে হেরে যাওয়ার পর এটি তাদের মরসুমের প্রথম ট্রফি, যা বুধবার ম্যাচ শুরুর আগে তাদের হাতে তুলে দেওয়া হবে। এ বার দ্বিতীয় খেতাবের জন্য ঝাঁপাতে চায় সবুজ-মেরুন বাহিনী। সে জন্য প্রায় ৩৫ জন ফুটবলারকে নথিবদ্ধ করিয়েছে, যাতে প্রয়োজনে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলা যায়।

আরও পড়ুন:  জাপানের বিরুদ্ধে কোনোরকমে জিতে শ্রেয়সের অজুহাত, ‘তিন ঘণ্টার পথ! জাপানে যাতায়াতের সমস্যা’!

তাদের অনেকেই জাতীয় দলের শিবিরে। সহাল আব্দুল সামাদ, মনবীর সিং, আপুইয়া, মেহতাব সিং, অনিরুদ্ধ থাপা ও অভিষেক সিংকে ছাড়াই শিল্ডে (IFA Shield) নামতে হবে মোহনবাগানকে। সোমবার থেকেই ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক উইন্ডো খুলে যাওয়ার পর থেকে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তেই হবে ক্লাবগুলোকে। মেসি, রোনাল্ডোকেও ছাড়তে হয়েছে তাদের ক্লাবদের।

এই টুর্নামেন্টে ছয় বিদেশিকে একসঙ্গে মাঠে নামানো যাবে। তবে মোহনবাগানের ছয় বিদেশিকে আপাতত পাওয়া যাবে না। কারণ, সামির জেলকোভিচের চোট। তবে আলবার্তো রদ্রিগেজ, দেজান দ্রাজিচ, মিগেল ফিগেরা, জেমি ম্যাকলারেন, লি আরউইনরা খেলবেন বলেই ক্লাব সূত্রে জানা গিয়েছে। এই পাঁচ বিদেশিই এখন ভরসা মোহনবাগান।

এ ছাড়া শুভাশিস বসু, রাহুল ভেকে, অ্যালেক্স সাজি, রাজ বাসফোর, লিস্টন কোলাসো, লালিয়ানজুয়ালা ছাঙতে, দীপক টাঙরি, অভিষেক সূর্যবংশীদের মতো দেশীয় ও স্থানীয় খেলোয়াড়ারাও সবুজ-মেরুন বাহিনীর বড় শক্তি। এঁদের নিয়েই শিল্ড জয়ের জন্য ঝাঁপাবেন তাদের গ্রিক কোচ প্যানাগিওতিস দিমপেরিস। এ পর্যন্ত মোট ২১বার শিল্ড জিতেছে সবুজ-মেরুন বাহিনী। ২২তম খেতাব জয়ের জন্য মরিয়া তারা।

অন্যদিকে ২৯বার শিল্ড (IFA Shield) জয় করা ইস্টবেঙ্গল তাদের ৫৩ জন ফুটবলারকে এই টুর্নামেন্টে নথিবদ্ধ করিয়েছে। অর্থাৎ, তারা কোনো ফুটবলারকেই বাইরে রাখতে চায় না। সিনিয়র, জুনিয়র সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চান হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচও রয়েছে তাদের। সেই ম্যাচের কথাও মাথায় রেখে শিল্ডে দল নামাতে হবে হাবাসকে। তাই কলকাতা লিগের বেশির ভাগ ম্যাচই যাঁরা খেলেছেন, তাঁদের ওপরই ভরসা রাখতে চান লাল-হলুদ কোচ।

আরও পড়ুন: ‘দুটো সোনার পদক ফ্রেমে বাঁধিয়ে রাখব’- এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে বললেন হরমনপ্রীত

জুনিয়রদের মধ্যে যাঁরা ভাল খেলবেন, তাঁদের আইএসএল স্কোয়াডেও রাখতে পারেন ইস্টবেঙ্গল কোচ, এমনও শোনা যাচ্ছে। এই কারণেই আইএফএ শিল্ড ইস্টবেঙ্গলের জুনিয়রদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাঁরা যে এই টুর্নামেন্টে নিজেদের উজাড় করে দেবেন, এমনই আশা করা যায়। তন্ময় দাস, মনতোষ চাকলাদার, আকাশ হেমব্রম, বিজয় মুর্মু, গৌরব শ, উত্তম হাঁসদা-দের সামনে এটা বড় চ্যালেঞ্জ।

ছয় বিদেশি খেলানো গেলেও এএফসি ম্যাচের কথা ভেবে তাঁদের এই টুর্নামেন্টে মাঠে নামাবেন কি না হাবাস, তা নিয়েও সন্দেহ রয়েছে। দানি রামিরেজ, দিয়েগো জিভুলিচ, বাসিম রশিদদের তাই নাও খেলাতে পারে ইস্টবেঙ্গল। তবে সদ্য দলে যোগ দেওয়া আকে লোবাকে মাঠে নামিয়ে পরখ করে দেখা হতে পারে। নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ংয়ের আসতে আরো সপ্তাহ দুয়েক সময় লাগবে। তাই তাঁকে আপাতত পরিকল্পনার মধ্যে রাখাই হচ্ছে না।

২০১৮-র পর শিল্ড (IFA Shield) জিততে পারেনি ইস্টবেঙ্গল। যদিও তার পরে পাঁচ বছর শিল্ডের আসরই বসেনি। বৃহস্পতিবার তারা প্রথম ম্যাচে নামবে কাস্টমসের বিরুদ্ধে। মহমেডান স্পোর্টিং শিল্ড থেকে নাম তুলে নেওয়ায় কাস্টমস এ বার শিল্ডে খেলতে রাজি হয়েছে। এ ছাড়াও এ বারের শিল্ডে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও পাঞ্জাব এফসি। তারাও আইএসেলের প্রস্তুতি নিতেই এই টুর্নামেন্টে নামছে।

শিল্ডের ক্রীড়াসূচি:

গ্রুপ এ- মোহনাবাগান এসজি, শ্রীনিধি ডেকান এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি

গ্রুপ বি- ইস্টবেঙ্গল এফসি, কলকাতা কাস্টমস ক্লাব, পাঞ্জাব এফসি

দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে।

২৩ সেপ্টেম্বর- শ্রীনিধি ডেকান এফসি বনাম মোহনবাগান এসজি

২৪ সেপ্টেম্বর- ইস্টবেঙ্গল এফসি বনাম কলকাতা কাস্টমস

২৬ সেপ্টেম্বর- শ্রীনিধি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি

২৭ সেপ্টেম্বর- কাস্টমস বনাম পাঞ্জাব এফসি

২৯ সেপ্টেম্বর- নর্থইস্ট বনাম মোহনবাগান

৩০ সেপ্টেম্বর- পাঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল

৪ অক্টোবর- সেমিফাইনাল

ফাইনালের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।

(সব ঘোষিত ম্যাচ বিকেল তিনটে থেকে, সরাসরি সম্প্রচার দেখা যাবে ‘ফ্যানকোড’ অ্যাপে)

দেখুন: পুজোর আগে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, জানালেন শুভেন্দু