সময়টা যেন সত্যিই সিনেমার গল্প! বয়স তখন মাত্র ১৩ কিংবা ১৪। ফুটবলের উঠতি প্রতিভা কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন জিনেদিন জিদান (Zinedine Zidane)। সেই জিদানই আজ ফ্রান্সের জাতীয় দলের কোচ। আর তাঁর অধীনে দেশের হয়ে খেলতে চলেছেন সেই ছোট্ট এমবাপে। গোটা ঘটনাটাকেই তাই ‘সিনেমার মতো’ বলে মনে হচ্ছে ফরাসি তারকার।
স্পেনের সংবাদপত্র AS-কে দেওয়া সাক্ষাৎকারে জিদানের (Zinedine Zidane) সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে এমবাপে (Kylian Mbappe) বলেন, ‘হ্যাঁ, অনেক বছর আগে তিনিই আমাকে রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। তিনিই প্রথম আমাকে নিয়ে গিয়েছিলেন রিয়ালের ট্রেনিং কমপ্লেক্সে। তখন আমার বয়স ১৩ কিংবা ১৪ বছর। অনেক দিন আগের কথা’।
👋🏻🇫🇷 Zinedine Zidane leads his first training session as France head coach!@IliesPeeters 🎥 pic.twitter.com/ifGNiB6XRH
— Fabrizio Romano (@FabrizioRomano) September 21, 2026
তার পরেই যেন নিজেরই কেরিয়ারের দিকে ফিরে তাকিয়েছেন এমবাপে (Kylian Mbappe)। যে মানুষটিকে ছোটবেলায় দেখে অনুপ্রাণিত হয়েছেন, সেই জিদানের হাতেই এ বার জাতীয় দলের দায়িত্ব। মঙ্গলবার থেকে কাজও শুরু করে দিলেন তিনি। ফ্রান্স অধিনায়কের কথায়, ‘এখন উনিই আমার জাতীয় দলের কোচ! এটা যেন কোনও সিনেমার গল্প! তবে উনি সর্বোচ্চ পর্যায়ের মানুষ’।
আরও পড়ুন: ‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি’, দেশের মাটিতে বিদায়ের আগে বিশেষ ১০ নম্বর প্রকাশ মেসির
জিদান (Zinedine Zidane) শুধু এমবাপের ব্যক্তিগত নায়ক নন, ফরাসি ফুটবলেরও অন্যতম সেরা তারকা। গত সপ্তাহেই জিদানকে (Zinedine Zidane) নিয়ে এমবাপে বলেছিলেন, ‘ফ্রান্স দলকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছেন যে ফুটবলার, তিনি জিদান’। খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে তাঁর প্রভাব যে কতটা গভীর, সেটাও বার বার উঠে এসেছে এমবাপের কথায়।
এ বার সেই কিংবদন্তিই ফ্রান্সের কোচ। ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ে দেশঁর ১৪ বছরের অধ্যায়ের শেষ হয়েছে। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর দেশঁ ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ জিতিয়েছিলেন, ২০২২ বিশ্বকাপেও ফাইনালে তুলেছিলেন। তাঁর জায়গাতেই দায়িত্ব নিয়েছেন জিদান। আর নতুন কোচের প্রথম দলেই অধিনায়ক হিসেবে বহাল রয়েছেন এমবাপে।
দেশঁর অধীনে দীর্ঘ সময় কাটানোর পর এই পরিবর্তন যে বড়, তা মানছেন এমবাপেও। তাঁর কথায়, ‘এটা নতুন কোচের সঙ্গে নতুন একটা পর্ব। আমাদের সকলের কাছেই এটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে, কারণ আমরা এত দিন শুধু দেশঁকেই পেয়েছি। আমাদের পরিবর্তন হবে। তবে আমার মনে হয়, সব কিছু খুব ভাল ভাবেই এগোবে’।
আরও পড়ুন: বিশ্বকাপ শেষ, এ বার নেশনস লিগ, পর্তুগাল শিবিরে রোনাল্ডো, নতুন কোচের দলে ফের ‘সি আর সেভেন’
জিদানেরও (Zinedine Zidane) কোচ হিসেবে দীর্ঘ বিরতির পর এটাই বড় প্রত্যাবর্তন। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর প্রায় পাঁচ বছর কোচিং থেকে দূরে ছিলেন তিনি। এ বার জাতীয় দলের দায়িত্ব নিয়ে শুরু হচ্ছে তাঁর নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের অন্যতম মুখ তাঁরই এক সময়ের কিশোর প্রতিভা এমবাপে।
ফ্রান্সের নতুন যুগের প্রথম পরীক্ষাও খুব দূরে নয়। উয়েফা নেশনস লিগে জিদানের অভিষেক হবে তুরস্কের বিরুদ্ধে। তার পর বেলজিয়াম ও ইতালির বিরুদ্ধে ম্যাচ রয়েছে। মাঠের বাইরে তাই গল্পটা যতটা আবেগের, মাঠে জিদান- এমবাপে জুটির সামনে চ্যালেঞ্জও ততটাই বড়।
এক জনের হাতে তখন ছিল রিয়ালের দরজা খুলে দেওয়ার ক্ষমতা। অন্য জন ছিলেন স্বপ্ন দেখা এক কিশোর। বছর কেটে গিয়েছে। সেই কিশোর আজ বিশ্বফুটবলের অন্যতম বড় তারকা। আর তাঁরই জাতীয় দলের কোচ সেই ছোটবেলার ‘জিদান’— সত্যিই যেন সিনেমার চিত্রনাট্য!




