পশ্চিমবঙ্গে এখন অনুপ্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। তার জন্য ইতিমধ্যেই বিএসএফকে জমি দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এমনকী অনুপ্রবেশ করে এই রাজ্যে ঢুকলে তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে। তার ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহেও অনুপ্রবেশ ঘটছে। আর অবৈধ পথে এসে ধরাও পড়ছে। এখন আর লুকিয়ে থাকা যাচ্ছে না। শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে চারজন রোহিঙ্গা ধরা পড়েছে। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। আরপিএফ এবং জিআরপির যৌথ অভিযানে ধরা পড়ে গিয়েছে রোহিঙ্গারা।
এখন রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। রেজিনগর এবং নন্দীগ্রাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাছে বলতে রেজিনগর। যা কিনা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। সেখানে নিউ জলপাইগুড়ি স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে চারজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল আরপিএফ। এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাঞ্জাব যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি পৌঁছতেই আরপিএফ এবং এনজেপি জিআরপির যৌথ অভিযানে সাধারণ কামরা থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। কোন পথে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা? কী উদ্দেশে ঢুকেছিল? প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
রেল সূত্রে খবর, এদের জেরা করতেই কথাতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপর চারজনকে আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জেরা করা হয়। পরে তাদের এনজেপি জিআরপির হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এই রোহিঙ্গাদের বয়স ১৭ থেকে ২৬ বছরের মধ্যে। এদের কাছ থেকে মায়ানমারের ঠিকানা মিলেছে। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে বসবাস করছিল। সেখান থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। তারপর আসাম থেকে ট্রেনে চেপে পাঞ্জাব যাওয়ার চেষ্টা করছিল তারা। কী উদ্দেশে তারা পঞ্জাব যাওয়ার চেষ্টা করছিল? এনজেপি স্টেশনে এসেছিল কেন? সেটা খতিয়ে দেখা হচ্ছে।
তাছাড়া এখন তাদের কাছে থাকা নথিপত্র এবং পরিচয় যা পাওয়া গিয়েছে সেখান থেকে সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, বাংলাদেশ থেকে আসাম হয়ে এভাবেই ভারতে প্রবেশ করে থাকে অনুপ্রবেশকারীরা। সীমান্ত পারাপার করতে রোহিঙ্গাদের কে বা কারা সাহায্য করেছিল সেটা খুঁজতে কাজ চলছে। রোহিঙ্গাদের সঙ্গে কোনও পাচারচক্র বা অন্য কোনও সংগঠিত অপরাধ চক্রের যোগ আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।




