• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

‘শুধু ভাতা নয়, রাজ্যে সংস্কার করতে এসেছি’, অন্নপূর্ণা দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর

‘এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, এই রাজ্যে সংস্কার করতে এসেছে!’—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে আয়োজিত

‘শুধু ভাতা নয়, রাজ্যে সংস্কার করতে এসেছি’, অন্নপূর্ণা দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর

CM Suvendu Adhikari Photo-SNS

‘এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, এই রাজ্যে সংস্কার করতে এসেছে!’—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে আয়োজিত প্রথম ‘অন্নপূর্ণা দিবস’-এর মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাতা ও আর্থিক সহায়তার পাশাপাশি বেআইনি মাদক ব্যবসা বন্ধ করা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে রাজ্য প্রশাসন কঠোর অবস্থান নিতে চলেছে বলেও স্পষ্ট করেন তিনি।

রাজ্যে বাল্যবিবাহ এবং কম বয়সে মাতৃত্বের প্রবণতা রুখতে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ছয় মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার বাল্যবিবাহ ও কিশোরী প্রসবের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু মুর্শিদাবাদেই প্রায় ১৩ হাজার এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার ঘটনা রয়েছে। ১৮ বছরের নীচে মেয়ের বিয়ে দিলে শুধু অভিভাবকরাই নয়, বিয়ে দেওয়া কাজি কিংবা পুরোহিতকেও জেলে যেতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ ‘নেশামুক্ত’ করতে বেআইনি মাদক ব্যবসার সমস্ত কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নারীকল্যাণে সরকারের একাধিক পদক্ষেপের খতিয়ানও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি অনুযায়ী চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় ইতিমধ্যেই রাজ্যের দেড় কোটিরও বেশি, প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছে।

গত অগস্ট থেকে আইসিডিএস ও আশা কর্মীদের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। প্রাণীমিত্রাদের বেতনও ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। তাঁদের ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় আনা হয়েছে। ৬০ বছরের বেশি বয়সি বিধবা মহিলাদের পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে।

শিক্ষা ও পুষ্টির ক্ষেত্রেও একাধিক ঘোষণার কথা জানান মুখ্যমন্ত্রী। আইসিডিএস কেন্দ্রে গর্ভবতী মায়েদের খাদ্য বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। গত ১৪ অগস্ট ‘কন্যারাষ্ট্র দিবসে’ ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে পাঠানো হয়েছে। ২০২৭ সালে এই অর্থ দ্বিগুণ হয়ে ২ হাজার টাকা হবে বলে জানান তিনি। উচ্চমাধ্যমিকের পর স্নাতক স্তরে পড়াশোনার জন্য ছাত্রীদের তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

আবাসন ক্ষেত্রেও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র আওতায় নতুন করে তৈরি হতে চলা ৫০ লক্ষ বাড়ির মালিকানা মহিলাদের নামেই দেওয়া হবে বলে জানান তিনি। নারী নিরাপত্তার প্রসঙ্গে তাঁর দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ কমিশন গঠন করা হয়েছে। নারী নির্যাতনের ঘটনা কঠোর হাতে দমন করাই এই কমিশনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।