দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বিতর্কে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মধ্যপ্রদেশের সন্ত বাগেশ্বর বাবার মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় তাঁর বক্তব্যের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বিতর্কের আবহেই মুখ খুললেন বাগেশ্বর বাবা। তবে দেশের মাটিতে দাঁড়িয়ে নয়, স্কটল্যান্ডের গ্লাসগো থেকে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি।
বাগেশ্বর বাবা বলেন, “আমি আপনার খাওয়া নিয়ে কেন বলব! আপনারা তো আমাদের নিজের। আমি কেন বলব?” তাঁর দাবি, দুর্গাপুজোর প্রসঙ্গে তিনি কারও খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চাননি। তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল পুজোমণ্ডপের পবিত্রতা বজায় রাখা।
তিনি বলেন, “দুর্গাপূজার বিষয়ে আমি বলেছিলাম, দেবীর আশপাশের জায়গায় পবিত্রতা বজায় রাখুন। মাছ, মাংস প্যান্ডেলে নয়, বাড়িতে খান। আমি কারও খাদ্যাভ্যাস বা জীবনে কোনও নিয়ম চাপিয়ে দিতে পারি নাকি! কিন্তু ধর্মগুরু হিসেবে হিংসার বিরুদ্ধে তো কথা বলতে পারি।”
এদিকে তাঁর মন্তব্যে বাঙালির ভাবাবেগে আঘাত লেগেছে—এই অভিযোগ তুলে ভবানীপুরে পথে নামে কংগ্রেস। কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ভবানীপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর পাশাপাশি তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি কতগুলো লোককে দেখলাম, ভবানীপুরে থানার সামনে ছবি পুড়িয়েছে। আমি এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে। এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন।”
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। ভবানীপুরে বিক্ষোভ ও ছবি পোড়ানোর ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।
একদিকে বাগেশ্বর বাবার ‘খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ নয়’ বলে সাফাই, অন্যদিকে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিবাদ এবং গ্রেফতার—দুর্গাপুজোর আমিষ বিতর্ক যে আপাতত থামছে না, বৃহস্পতিবারের ঘটনাপ্রবাহেই তা আরও স্পষ্ট।




