• facebook
  • twitter
  • youtube
Monday, 7 September, 2026

কলকাতার পর এবার হুগলি, মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

দলীয় সূত্রে খবর, মাহেশ থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রস্তাবিত মিছিলে রাজ্যে সাম্প্রতিক একাধিক ঘটনার প্রতিবাদ জানানো হবে। মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

কলকাতার পর এবার হুগলি, মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Image: AI নির্মিত

কলকাতার পর এবার গঙ্গা পেরিয়ে হুগলি। আগামী ১১ সেপ্টেম্বর মাহেশ থেকে শ্রীরামপুর পর্যন্ত মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল কংগ্রেস। পুলিশের তরফে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে সোমবার হাইকোর্টে মামলা করার অনুমতি চেয়ে আবেদন করেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একশো দিনও পেরোয়নি। তার মধ্যেই বিরোধীদের কর্মসূচি ঘিরে রাজনৈতিক টানাপড়েন নতুন মাত্রা পেয়েছে বলে তৃণমূলের অভিযোগ। তাদের দাবি, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী ও বিজেপিকে কর্মসূচির অনুমতি না দেওয়ার যে অভিযোগ তৎকালীন সরকারের বিরুদ্ধে উঠত, পালাবদলের পর একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলকেও।

কালীঘাট তৃণমূলের অভিযোগ, সাম্প্রতিক সময়ে কলকাতায় পর পর দু’টি বড় কর্মসূচিতেও পুলিশের অনুমতি মেলেনি। ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ সমাবেশ এবং ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে সমাবেশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হতে হয়েছিল দলকে। হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত নির্দিষ্ট এলাকায় কর্মসূচি করার সুযোগ মেলে।

এবার সেই বিতর্কের আঁচ পৌঁছল হুগলিতে। দলীয় সূত্রে খবর, মাহেশ থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রস্তাবিত মিছিলে রাজ্যে সাম্প্রতিক একাধিক ঘটনার প্রতিবাদ জানানো হবে। মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, কলকাতার পর হুগলির মিছিল নিয়েও কি শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপেই রাস্তা খুলবে?

আরও পড়ুন: পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া সোনা ও নগদ, গ্রেপ্তার আয়াকর্মী

এর আগে কালীঘাট তৃণমূলের দু’টি কর্মসূচি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবার মাহেশ থেকে শ্রীরামপুর পর্যন্ত মিছিলের ক্ষেত্রে আদালতের অবস্থান কী হয়, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।