• facebook
  • twitter
  • youtube
Sunday, 6 September, 2026

কলকাতা হাইকোর্টে আসছেন নয়া প্রধান বিচারপতি, জেনে নিন তাঁর বিষয়ে নানা তথ্য

বম্বে হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শেষবার আসীন হয়েছিলেন বিচারপতি জৈনারায়ণ প্যাটেল

কলকাতা হাইকোর্টে আসছেন নয়া প্রধান বিচারপতি, জেনে নিন তাঁর বিষয়ে নানা তথ্য

File Photo

কলকাতা হাইকোর্টে এবার আসছে নতুন প্রধান বিচারপতি। বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবার দায়িত্ব নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের। ইতিমধ্যেই তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনেই এই নিয়োগ করা হচ্ছে। বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে হবেন কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি। তবে কলকাতা হাইকোর্টেই শুধু নয়, দেশের আরও সাতটি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে।

বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন রবীন্দ্র ভি ঘুগে। এবার খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের প্রশাসনিক শীর্ষ পদ সামলাবেন। বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের কথা বেশ কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল আইনজীবী মহলে। ২০২৬ সালের জুন মাসে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন রবীন্দ্র ভি ঘুগে। ২০১৩ সালের ২১ জুন বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। তার আগে দীর্ঘদিন আইনজীবী হিসেবে বম্বে হাইকোর্ট এবং শিল্প ও শ্রম আদালতে সওয়াল করেছেন রবীন্দ্র ভি ঘুগে।

বম্বে হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শেষবার আসীন হয়েছিলেন বিচারপতি জৈনারায়ণ প্যাটেল। ২০১০ সালের ২৬ জুন জৈনারায়ণ প্যাটেলকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছিল। ২০১২ সালের অক্টোবর পর্যন্ত তিনি সেই পদে ছিলেন। তার প্রায় ১৬ বছর পর আবার বম্বে হাইকোর্টের কোনও বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন। বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। শ্রমিক ইউনিয়নের হয়ে প্রায় দু’হাজার মামলায় সওয়াল করেছিলেন তিনি। পরে বহু শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও মামলা লড়েছেন। দীর্ঘ আইনজীবী জীবন এবং প্রায় ১৩ বছর ধরে বিচারপতি পদে থাকার পর এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হচ্ছেন তিনি।

তাছাড়া পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি কামেশ্বর রাও। রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয়কুমার আগরওয়াল। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে এসেছেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন ওই হাইকোর্টেরই বিচারপতি অশ্বিনীকুমার মিশ্র। ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণরাম মহাপাত্র। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন গুজরাত হাইকোর্টের অল্পেশ যশবন্ত কোগজে। জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রাজস্থান হাইকোর্টের পুষ্পেন্দ্র সিং ভাটি।