• facebook
  • twitter
  • youtube
Saturday, 5 September, 2026

‘সকল বাস কন্ডাক্টরকে বডি ক্যাম লাগাতে হবে’, বড় নির্দেশ জারি রাজ্য সরকারের

তবে সরকারি বাসে এটা হচ্ছেই। দুর্গাপুজো সামনেই। সেখানে বহু মানুষজন প্রতিমা দর্শন থেকে শুরু করে মণ্ডপে ভিড় করবেন

‘সকল বাস কন্ডাক্টরকে বডি ক্যাম লাগাতে হবে’, বড় নির্দেশ জারি রাজ্য সরকারের

Transport Minister Arjun Singh Photo-IANS

এবার থেকে সরকারি বাস কন্ডাক্টরের গায়ে ‘বডি ক্যাম’ লাগাতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে এবং মহিলাদের নিরাপত্তা বাড়াতে এমন পদক্ষেপ করা হচ্ছে। তবে ‘বডি ক্যাম’ লাগানো নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে বাস কন্ডাক্টরদের মধ্যে। যদিও এটা বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ কোনও অবস্থাতেই ‘বডি ক্যাম’ ছাড়া কাজে যোগ দিতে পারবেন না সরকারি বাসের কন্ডাক্টররা বলে জানা গিয়েছে। নারী সুরক্ষা নিশ্চিত করা রাজ্যের বিজেপি সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা। ইতিমধ্যেই বহু অভিযোগ আসতে শুরু করেছে। তার জেরেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মহিলাদের সুরক্ষায় নানা পদক্ষেপ করা হয়েছে। এমনকী সরকারি বাসে মহিলাদের যাতায়াতও বিনামূল্যে করে দেওয়া হয়েছে। এবার মহিলাদের সুরক্ষার কথা ভেবে আরও এক বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার।

নবান্ন সূত্রে খবর, যাত্রীদের থেকে টাকা নিয়ে টিকিট না দেওয়ার অভিযোগ এসেছে। আবার মহিলাদের সফর বিনামূল্যে করা হলেও তাঁদের থেকে অনেক সময়ই টিকিট নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর তাই মহিলাদের সুরক্ষার কথা নিশ্চিত করতেই এবার বাস কন্ডাক্টরদের বুকে লাগানো থাকবে ওয়েব ক্যামেরা বলে শনিবার ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। শুধু সরকারি বাসে এটা করা হবে এমন নয়, বেসরকারি বাসের কন্ডাক্টরদের বুকেও লাগাতে হবে ক্যামেরা। বেসরকারি বাস এটা কতটা করবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। কারণ বেসরকারি বাসে মহিলারা বিনামূল্যে সফর করতে পারেন না।

তবে সরকারি বাসে এটা হচ্ছেই। দুর্গাপুজো সামনেই। সেখানে বহু মানুষজন প্রতিমা দর্শন থেকে শুরু করে মণ্ডপে ভিড় করবেন। সুতরাং দুর্গাপুজোর সময় সরকারি বাসে সফর করবেন বহু মানুষ। সেক্ষেত্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা করা হচ্ছে। এই বডি ক্যাম নিয়ে মতপার্থক্য থাকলেও একজন সরকারি বাসের কন্ডাক্টর অবশ্য বলেন, ‘রাজ্য সরকার ভালর জন্যই বলছে। সরকারি নির্দেশ তো মানতে হবেই। এই কাজ নিশ্চয়ই ভাল হবে। ক্যামেরা লাগালে আমরা আরও সুরক্ষিত থাকব। আর মহিলারাও সুরক্ষিত থাকবেন। তবে সকল কন্ডাক্টর এটা এখনও বুঝতে পারছেন না। তাই মতপার্থক্য তৈরি হচ্ছে।’ আর মহিলা যাত্রীদের একাংশ বলছেন, ‘পরিবহনমন্ত্রী খুব ভাল পদক্ষেপই করেছেন। ‘বডি ক্যাম’ থাকলে ভিডিও ফুটেজ থাকবে। তাতে বিতর্ক তৈরি হবে না।’

তাছাড়া সদ্য নয়াদিল্লিতে একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে চলন্ত স্লিপার ক্লাসের বাসে। যা নিয়ে জোর চর্চাও হয়েছে। অভিযুক্ত চালক এবং কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। সেসব পশ্চিমবঙ্গে যেন না ঘটে তার জন্যই আগাম পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। তবে এই ‘বডি ক্যাম’ নিয়ে পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্য, ‘মহিলা সুরক্ষা বড় বিষয় আমাদের কাছে। অভিযোগ আসছিল যে বাস দাঁড়াচ্ছে না। আবার কিছু কন্ডাক্টর আছে যারা টাকা নিচ্ছেন, অথচ টিকিট দেন না। এই দুর্নীতি রুখতেই, নজরদারির জন্য সকলকে ‘বডি ক্যাম’ লাগাতে হবে। সবটা রেকর্ড হবে। আমরা কন্ট্রোল রুম থেকে সবটা দেখতে পারব। হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নজরদারির জন্য ২০-২৫ জন কাজ করবে ২৪ ঘণ্টা। আমরা এক বছরের মধ্যে প্রত্যেকটা বাসে সিসিটিভি ক্যামেরা এবং কন্ডাক্টরদের ‘বডি ক্যাম’ লাগানো বাধ্যতামূলক করা হবে। বাসমালিকদের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলব।’