• facebook
  • twitter
  • youtube
Wednesday, 2 September, 2026

অনলাইনে ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু! কত দামে, কী ভাবে পাবেন টিকিট? জেনে নিন বিস্তারিত

ডিস্ট্রিক্ট অ্যাপ নিশ্চিত, তাদের টিকিট বিক্রি সব নজিরকে ছাপিয়ে যেতে পারে। টিকিট বিক্রি চালু হওয়ার প্রথম কয়েক মিনিটের মধ্যে আবার ওয়েবসাইট বা অ্যাপ ক্র্যাশ করে না যায়, সেই ব্যাপারেও তারা কড় নজর রাখবে বলে জানিয়েছে।

অনলাইনে ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু! কত দামে, কী ভাবে পাবেন টিকিট? জেনে নিন বিস্তারিত

Photo: X

ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেলো আজ বুধবার, বিকেল থেকেই। যারা এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে, সেই ডিস্ট্রিক্ট অ্যাপে বা তাদের ওয়েবসাইটে পাবেন এই টিকিট।

এই প্রথম ভারতে খেলতে আসছে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩ অক্টোবর ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। সবার মনে একটাই প্রশ্ন ছিল, কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে? আর টিকিটের দামই বা কত হবে? এই প্রশ্নের উত্তর নিয়ে এল District.in।

তারা তাদের ওয়েবসাইটে ও অ্যাপে অনলাইন টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। কিন্তু এই টিকিট বিক্রি শুরু হওয়ার তিন ঘণ্টা আগে পর্যন্ত জানানো হয়নি, টিকিটের দাম কত হতে পারে। বিকেল চারটেয় টিকিট বিক্রি শুরু হওয়ার পর জানা যায় টিকিটের দাম ৯৯৯ টাকা থেকে ১৫ হাজার টাকা।

এর মধ্যে রয়েছে ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০ ও ৯০০০ টাকার টিকিটও। ৩ অক্টোবর যুবভারতীতে এই ঐতিহাসিক ম্যাচের কিক-অফ হবে সন্ধে সাতটায়। তবে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বিকেল চারটে-তেই। অনলাইনের ডিজিটাল টিকিট স্ক্যানিং এবং ভ্যালিডেশনের দীর্ঘ লাইন সামলাতেই এই আগাম প্রবেশের সিদ্ধান্ত।

ডিস্ট্রিক্ট-এর নির্দেশিকা অনুযায়ী, দু’বছর বা তার বেশি বয়সি দর্শকদের প্রত্যেকের জন্যই টিকিট কাটতেই হবে। ছোটদের ক্ষেত্রে কোনও বাড়তি ছাড় মিলবে না।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। যদিও এ বারের বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। ২০০২-এ জাপানে শেষবার বিশ্বকাপ জেতে সেলিসাওরা। বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) দলগুলির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলার দিকে বাড়তি নজর দিয়েছে তারা। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলার পর ভারতের মুখোমুখি হবেন ভিনিসিয়াস-রা।

কিন্তু গত দু’বছরে ভারতের পারফরম্যান্সের রেখচিত্র উল্লেখযোগ্য ভাবে নীচের দিকে নেমে গিয়েছে। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩৮ নম্বরে রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নিজেদের শক্তি যাচাই করতে গিয়ে না বড়সড় কোনো ভরাডুবির সন্মুখীন হতে হয়, সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

ইতিমধ্যেই যে ২৬ জনের দল ঘোষণা করেছেন ভারতের কোচ খালিদ জামিল, তাতে ভারতের অন্যতম সেরা গোলকিপার বিশাল কয়েথকে রাখেননি তিনি। এ ছাড়াও লিস্টন কোলাসো, লালিয়ানজুয়ালা ছাঙতে, সন্দেশ ঝিঙ্গনদের মতো অভিজ্ঞ তারকাদেরও রাখেননি তিনি। তার ওপর প্রস্তুতি শিবির শুরু হচ্ছে পানামার বিরুদ্ধে মাঠে নামার মাত্র ১২ দিন আগে। এইটুকু সময়ে ভারত কতটা নিজেদের এত বড় ম্যাচের জন্য তৈরি করতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

৩ অক্টোবর ব্রাজিলের তারকাদের দেখতে গিয়ে তাই দেশের ফুটবল দলের বড়সড় হার দেখে মাথা নীচু করে বাড়ি ফেরাটাও তাই কতটা ভালো হবে, তা নিয়েও অনেকের মনে সন্দেহ রয়েছে। তবে ডিস্ট্রিক্ট অ্যাপ নিশ্চিত, তাদের টিকিট বিক্রি সব নজিরকে ছাপিয়ে যেতে পারে। টিকিট বিক্রি চালু হওয়ার প্রথম কয়েক মিনিটের মধ্যে আবার ওয়েবসাইট বা অ্যাপ ক্র্যাশ করে না যায়, সেই ব্যাপারেও তারা কড় নজর রাখবে বলে জানিয়েছে।