• facebook
  • twitter
  • youtube
Saturday, 29 August, 2026

শ্রীলঙ্কা সফর থেকে ফিরে ৪৮ ঘণ্টার মধ্যেই ফিটনেস পরীক্ষা জাদেজা,পন্থ,যশস্বীদের

নতুন আন্তর্জাতিক মরসুমের সূচনা হবে সেপ্টেম্বরেই। ‘ইন্ডিয়া ক্রিকেট’ মরসুমে ঘরের মাঠেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০

শ্রীলঙ্কা সফর থেকে ফিরে ৪৮ ঘণ্টার মধ্যেই ফিটনেস পরীক্ষা জাদেজা,পন্থ,যশস্বীদের

India Team Fitness Test Photo-SNS

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শেষ হয়েছে বৃহস্পতিবার। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন মরসুমের প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল। শনিবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় হাজির হলেন রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল-সহ একাধিক তারকা ক্রিকেটার।

সামনেই ভারতের দীর্ঘ আট মাসের ঘরোয়া মরসুম। যা শেষ হবে ২০২৭-এর আইপিএলে। তাই শ্রীলঙ্কা সফরের ধকল কাটিয়ে ক্রিকেটারদের ফিটনেসের মাপকাঠি যাচাই শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলের নিয়মিত সদস্য জাদেজা ও পন্থের পাশাপাশি যশস্বী, টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন এবং চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কেও শনিবার এই ফিটনেস টেস্ট দিতে দেখা যায়।

এই ফিটনেস পরীক্ষায় ছিল ‘ব্রঙ্কো টেস্ট’, ২ কিলোমিটার দৌড়, ইয়ো-ইয়ো টেস্ট এবং ক্রিকেট সংক্রান্ত কিছু অনুশীলন। তার মধ্যে উইকেটের মধ্যে দৌড়ে রান নেওয়ার পরীক্ষাও ছিল।

‘ব্রঙ্কো টেস্ট’-এ ০, ২০, ৪০ এবং ৬০ মিটারে কোন বসানো থাকে। ক্রিকেটারকে ০ থেকে ২০ মিটার গিয়ে আবার ফিরে আসতে হয়। তার পর ৪০ ও ৬০ মিটারেও একই ভাবে দৌড়তে হয়। এ ভাবে বিরতি ছাড়াই পাঁচটি সেট সম্পূর্ণ করতে হয়। সব মিলিয়ে ১২০০ মিটার দৌড় শেষ করতে হয় সাড়ে পাঁচ মিনিটের মধ্যে। অন্য দিকে, ইয়ো-ইয়ো টেস্টে দীর্ঘদিনের মাপকাঠি ১৬.৫ এবং ২ কিলোমিটার দৌড় শেষ করতে হয় ১০ মিনিটের মধ্যে।

তবে এখনই সবাইকে পরীক্ষা দিতে হচ্ছে না। যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য এবং নীতীশ কুমার রেড্ডি রিহ্যাব পর্বে রয়েছেন। পুরোপুরি ফিট হওয়ার পরই তাঁরা এই পরীক্ষায় অংশ নেবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর দুই টেস্টে প্রচুর ওভার বল করায় মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণাকেও আপাতত এই পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া প্রিন্স যাদবও এখন ফিট হয়ে দলে ডাক পাওয়ার জন্য তৈরি।

নতুন আন্তর্জাতিক মরসুমের সূচনা হবে সেপ্টেম্বরেই। ‘ইন্ডিয়া ক্রিকেট’ মরসুমে ঘরের মাঠেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। দিল্লিতে হবে সেই সিরিজ। এর পর এশিয়ান গেমসে খেলতে জাপানে যাবে টি-২০ দল। একই সময়ে অন্য একটি দল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে।

এখানেই শেষ নয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পুদুচেরিতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’-র সিরিজও রয়েছে। অর্থাৎ সামনে টানা ক্রিকেট। তার পর রয়েছে আরও ব্যস্ত আন্তর্জাতিক মরসুম এবং শেষ পর্যন্ত ২০২৭-এর আইপিএল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের ধকলের পরেও তাই বিশ্রামের সুযোগ খুব বেশি নেই। বরং নতুন মরসুমের আগে ফিটনেসের পরীক্ষায় পাশ করাই এখন ভারতীয় ক্রিকেটারদের প্রথম চ্যালেঞ্জ।