• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

চুল ধরে টেনে মৃতদেহ থেকে খোলা হচ্ছে কানের দুল, নেপালে ভয়াবহ চিত্র, গ্রেপ্তার ২

বহু মানুষ এখনও তাঁদের প্রিয়জনের খোঁজে অপেক্ষা করছেন। কারও পরিবারের সদস্য নিখোঁজ তো কেউ আবার স্বজনকে হারিয়ে ভেঙে পড়েছেন। সেই পরিস্থিতিতেই মৃতদেহের কাছ থেকে জিনিসপত্র চুরির অভিযোগ সামনে আসায় ক্ষোভ ছড়িয়েছে।

চুল ধরে টেনে মৃতদেহ থেকে খোলা হচ্ছে কানের দুল, নেপালে ভয়াবহ চিত্র, গ্রেপ্তার ২

Photo: Statesman

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল। সেখানে চারদিকে এখন শুধুই ধ্বংসের ছবি। কেউ নিখোঁজ স্বজনের খোঁজে এদিক-ওদিক ছুটছেন। তো কেউ আবার প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ। প্রাকৃতিক বিপর্যয়ের সেই ভয়াবহ আবহের মধ্যেই সামনে এল এক ভয়াবহ চিত্র। সেই ছবি কার্যত মানবিকতাকে প্রশ্নের মুখে ফেলেল। ভয়াবহ হড়পা বানের পরে নদী থেকে উদ্ধার হওয়া এক মহিলার দেহ থেকে সোনার কানের দুল টেনে খুলে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মৃতদেহের কাছ থেকে জিনিসপত্র চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।

ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলার দেহ নদীর পাড়ে পড়ে রয়েছে। প্রথমে দুই যুবক কাঠের পাটাতন দিয়ে দেহ টেনে তোলার চেষ্টা করেন। পরে তাঁদের মধ্যে একজন মৃত মহিলার চুল ধরে দেহটি টেনে নিয়ে আসে। এরপরে একজন যুবককে মৃত মহিলার কান থেকে সোনার দুল খুলে নিতে দেখা যায়। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করেন।

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্ত শুরু করে। বিপর্যয়ে মৃত ব্যক্তির দেহ থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজন যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্তদের নাম মদন গুরুং এবং উমেশ চৌধুরী। বৃহস্পতিবার ভারতপুর মহানগরীর-১ এলাকায় পোখরা বাস ডিপোর কাছ থেকে পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে।

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এমনিতেই আতঙ্ক ও শোকের আবহ নেপালের সংশ্লিষ্ট এলাকায়। বহু মানুষ এখনও তাঁদের প্রিয়জনের খোঁজে অপেক্ষা করছেন। কারও পরিবারের সদস্য নিখোঁজ তো কেউ আবার স্বজনকে হারিয়ে ভেঙে পড়েছেন। সেই পরিস্থিতিতেই মৃতদেহের কাছ থেকে জিনিসপত্র চুরির অভিযোগ সামনে আসায় ক্ষোভ ছড়িয়েছে।

আরও পড়ুন: নেপালের মতো অবস্থা হবে দার্জিলিং-সিকিমের! বিপদের আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের

প্রকাশ্যে আসা ভিডিয়োটি সমাজমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটনাগরিকেরা। ভয়াবহ সেই পরিস্থিতির মধ্যেই যেন সামনে এল মানুষের লোভের অন্ধকার চিত্র।