• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা ছাড়ছেন না শুভমান, কলম্বোয় ড্রয়ের পর কী বললেন তিনি?

দেশের মাটিতেও একটা ভাল সিরিজ রয়েছে। তাই আশা করছি, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলতে পারলে আমাদের সুযোগ থাকবে। যত দিন আমাদের সুযোগ থাকবে, তত দিন আমরা চেষ্টা করে যাব। আশা করি, শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছতে পারব।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা ছাড়ছেন না শুভমান, কলম্বোয় ড্রয়ের পর কী বললেন তিনি?

Photo: X

কলম্বোর এসএসসি-তে শ্রীলঙ্কাকে ফলো-অন করানোর পরে ক্রিকেটপ্রেমীদের অনেকেই ভেবেছিলেন ভারত শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বৃহস্পতিবার টেস্ট ড্র করে সিরিজ ১-০-য় জিতে ঘরে ফিরতে হচ্ছে তাদের। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় বাংলাদেশের পিছনেই রয়ে গেল তারা। সামনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরো সাতটি টেস্ট, যেগুলির মধ্যে অন্তত ছ’টিতে জিততেই হবে ভারতকে। এরকম কঠিন চ্যালেঞ্জ সামনে। তবু আশাবাদী ভারত অধিনায়ক শুভমান গিল। কলম্বোয় প্রতিপক্ষকে ফলো-অন করিয়েও ড্র করা নিয়ে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের ভবিষ্যৎ নিয়ে কী বললেন তিনি?

ভারত কি জেতার জন্য আরও কিছু করতে পারত?

সত্যি বলতে, না। আমরা প্রায় ২৫০ ওভার ফিল্ডিং করেছি, টানা তিন দিন। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ওরাও দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, শ্রীলঙ্কার ব্যাটারেরা খুব ভাল ব্যাট করেছে। ওদের দক্ষতা ছিল, পাশাপাশি ভাগ্যও সহায় হয়েছে। তাই আমার মনে হয় না, আমরা অন্য কিছু করতে পারতাম।

১-০ ব্যবধানে সিরিজ জেতার পর ভারতের পারফরম্যান্সকে কী ভাবে দেখছেন?

আমাদের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে। এমনকি প্রতিপক্ষের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। ওরা যে পরিস্থিতির মধ্যে ছিল, প্রচণ্ড চাপের মধ্যে থেকেও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা দেখার মতো। এটা আমাদেরও শিক্ষা দিল। আমরা লাঞ্চ এবং চা-বিরতির সময় আলোচনা করছিলাম যে, সত্যিই আমাদের আর কিছু করার নেই। তবে পুরো সিরিজে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে। পাডিক্কল দুর্দান্ত খেলেছে, কেএল (রাহুল) খুব ভাল খেলেছে, মানব দুর্দান্ত বল করেছে। প্রসিদ্ধও দুই ইনিংসেই অসাধারণ বল করেছে, ওদের ব্যাটারদের সমস্যায় ফেলেছে। দুই পেসারই নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। তাই আমার মনে হয়, আমাদের যা যা করার ছিল, সবই করেছি।

সুথার, পাডিক্কল এবং জুরেলের মতো তরুণদের উত্থান নিয়ে কী বলবেন?

আমাদের জন্য সত্যিই দারুণ সময় আসছে। মাঠের ভিতরে এবং বাইরে ধারাবাহিক থাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রস্তুতি, পারফরম্যান্স এবং নিজেদের কাজের ধরন—সব ক্ষেত্রেই ধারাবাহিকতা দরকার। এখনও পর্যন্ত আমাদের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে।

সুথারকে নিয়ে কী বলবেন?

ও কতটা ধারাবাহিক, কী সুন্দর ভাবে বল ছাড়ে, কব্জি ও আঙুল থেকে কী ভাবে বলটা বেরোয়—সবটাই খুব ভাল লাগে। ওকে বল করতে দেখা সত্যিই চোখের আরাম। আমার মনে হয়, আগামী কয়েক বছরে আমাদের দলের জন্য ও অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হয়ে উঠবে।

ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনাদের সম্ভাবনা কতটা দেখছেন?

নভেম্বরে আমরা নিউজ়িল্যান্ডে যাচ্ছি। আমাদের পক্ষে খুব ভাল সিরিজ হবে। তার পর দেশের মাটিতেও একটা ভাল সিরিজ রয়েছে। তাই আশা করছি, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলতে পারলে আমাদের সুযোগ থাকবে। যত দিন আমাদের সুযোগ থাকবে, তত দিন আমরা চেষ্টা করে যাব। আশা করি, শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছতে পারব।

ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়ে কী বলবেন? এখন পিছন ফিরে তাকালে অন্য কিছু করতে পারতেন কী?

আগেও বলেছি, ওরা এই ম্যাচে দুর্দান্ত খেলেছে। এখন পিছন ফিরে তাকিয়ে মনে হতে পারে, ফলো-অন করানোটা ঠিক সিদ্ধান্ত ছিল কি না। কিন্তু আবহাওয়া এবং অন্যান্য বিষয় মাথায় রেখে আমরা নিশ্চিত ছিলাম না যে পঞ্চম দিনে পুরো খেলা হবে কি না। তবে এই বিষয়গুলি নিয়ে শুধু পরে আলোচনা করা যায়। সেই মুহূর্তে আমাদের চেষ্টা থাকে, যতটা সম্ভব সেরা সিদ্ধান্ত নেওয়ার। কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়, কিছু যায় না—এটাই স্বাভাবিক। এটা ক্রিকেটেরই অংশ। আর আমার মনে হয়, শেষ পর্যন্ত আজ টেস্ট ক্রিকেটই জিতেছে।