• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

ভবানীপুরে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টে ৫ মিনিট নাগাদ হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি থেকে অর্জুনকে গ্রেপ্তার করা হয়।

ভবানীপুরে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত

Photo-SNS

ভবানীপুরে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ধৃতের নাম অর্জুন প্রসাদ যাদব ওরফে অর্জুন যাদব। তাঁকে আলিপুর  আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবী জানান, সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ ৩৫ বছর বয়সি ওই মহিলা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, হরিশ মুখার্জি রোডের একটি বাড়িতে তাঁকে ধর্ষণ করেন অর্জুন। অভিযোগ পাওয়ার পর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে মহিলার বয়ান ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা করে পুলিশ। পরে সরকারি হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়।

যদিও পুলিশের দাবি, মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে মামলায় আরও কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। এরপরই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টে ৫ মিনিট নাগাদ হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি থেকে অর্জুনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযোগকারিণী এবং অভিযুক্ত আগে থেকেই পরস্পরের পরিচিত। একই বাড়িতে কাজের সূত্রেই তাঁদের পরিচয়। ওই মহিলা সেখানে পরিচারিকার কাজ করতেন। অন্যদিকে, অর্জুনের দায়িত্ব ছিল বাড়ির পোষ্য কুকুরটির দেখভাল করা। ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কি না, অভিযুক্ত ও অভিযোগকারিণীর মধ্যে কী রকম সম্পর্ক ছিল এবং অভিযোগের পিছনে ঠিক কী ঘটেছিল, সবই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।