• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

ট্রাম্প-পুত্র ব্যারনকে নিশানা, ইরানের টিভিতে ১ কোটি ডলারের পুরস্কারের দাবি

২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক সংঘাতের পর সেই হুমকির মাত্রা আরও বেড়েছে।

ট্রাম্প-পুত্র ব্যারনকে নিশানা, ইরানের টিভিতে ১ কোটি ডলারের পুরস্কারের দাবি

Photo: BBC

সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের দিকে হুমকি। ট্রাম্পের ২০ বছরের ছেলে ব্যারন ট্রাম্পকে নিশানা করে ইরানের সরকারি টেলিভিশনে একটি ভিডিও সম্প্রচার করা হয়েছে। সেখানে ব্যারনকে হত্যার জন্য ১ কোটি ডলার পুরস্কারের দাবি করা হয়েছে। ভিডিওটিতে ব্যারনের গতিবিধি, বিশ্ববিদ্যালয়, নিরাপত্তারক্ষীদের অবস্থান এবং তাঁর ব্যক্তিগত যোগাযোগের বিভিন্ন তথ্য দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে পুরস্কারের দাবিটি যাচাই করা সম্ভব হয়নি।

‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প?’ শিরোনামের প্রায় ৩ মিনিটের ওই ভিডিওটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমে প্রকাশের পর সরকারি টেলিভিশনের চ্যানেল ৩-এ সম্প্রচারিত হয়। সেখানে দাবি করা হয়েছে, ব্যারনের গতিবিধির উপর ‘সম্পূর্ণ নজরদারি’ চলছে। তাঁর বিশ্ববিদ্যালয়ের অবস্থান, যাতায়াতের গাড়ি এবং মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে।

ভিডিওতে আরও দাবি করা হয়েছে, নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে এক তরুণী একবার ব্যারনের কাছে পৌঁছে তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন এবং পরে সেই সংক্রান্ত তথ্য ওই অনুষ্ঠানের আয়োজকদের দেন। ব্যারন এক্সবক্সের মাধ্যমে ভয়েস ও টেক্সট মেসেজে যোগাযোগ করেন বলেও দাবি করা হয়েছে। তবে এই সমস্ত তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। ভিডিওটিতে বাস্তব ঘটনার বদলে নাটকীয় গ্রাফিক্সও ব্যবহার করা হয়েছে।

ঘটনাটি ইতিমধ্যেই নজরে এসেছে মার্কিন সিক্রেট সার্ভিসের। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ব্যারনকে হুমকি দেওয়া ওই ভিডিও সম্পর্কে তথ্য তাঁদের কাছে রয়েছে। সিক্রেট সার্ভিস সাধারণত নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে বিস্তারিত মন্তব্য করে না। তবে সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তার আওতায় থাকা ব্যক্তিদের নিয়ে যে কোনও সম্ভাব্য হুমকির তারা তদন্ত করে।

ট্রাম্প পরিবারের বিরুদ্ধে ইরান-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের এই ধরনের হুমকি অবশ্য নতুন নয়। গত মাসে মেলানিয়া ট্রাম্পকে নিশানা করেও একই ধরনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে নিউ ইয়র্কে তাঁর যাতায়াতের জায়গা এবং নিরাপত্তার সম্ভাব্য দুর্বলতা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেই ভিডিওর শেষেও ব্যারনকে হুমকি দেওয়া হয়েছিল বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়।

ইরানের সরকারি ও রাষ্ট্রীয় মদতপুষ্ট সংবাদমাধ্যমে ট্রাম্পকে নিশানা করে হুমকির ঘটনাও সাম্প্রতিক সময়ে বেড়েছে। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক সংঘাতের পর সেই হুমকির মাত্রা আরও বেড়েছে।

এই আবহে ট্রাম্পের পরিবারের অপেক্ষাকৃত কমবয়সি সদস্যকে সরাসরি নিশানা করে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে এমন ভিডিও প্রকাশ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ব্যারন ও মেলানিয়া দু’জনই মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তার আওতায় রয়েছেন।