• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

‘ও কী বলেছিল না জেনে বিচার করবেন না’, আসিথার সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন জয়সওয়াল

জয়সওয়ালের বিরুদ্ধে আইসিসি-র আচরণবিধি ভাঙার অভিযোগ উঠতে পারে। ইতিমধ্যেই ম্যাচ রেফারি ঘটনার তদন্ত শুরু করেছেন। ফলে শাস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

‘ও কী বলেছিল না জেনে বিচার করবেন না’, আসিথার সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন জয়সওয়াল

Photo: X

মাঠের উত্তেজনা তখন চরমে। শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্ডোর সঙ্গে মুখোমুখি যশস্বী জয়সওয়াল। কথার লড়াই থেকে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে। আর এ বার নিজের আচরণের সাফাই দিলেন ভারতীয় ওপেনার।

সোমবার একটি ভিডিওয় মন্তব্য করে জয়সওয়াল লিখেছেন, ‘ও (অসিথা) কী বলেছিল, সেটা না জেনে দয়া করে বিচার করবেন না। কেউ যদি সীমা ছাড়িয়ে যায়, তা হলে আমাদেরও বুঝিয়ে দিতে হবে— এই ভারত লড়াই করবে এবং জবাব দেবে’।

কলম্বোর এসএসসি-তে রবিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ঘটনাটি ঘটে। জয়সওয়াল আউট হওয়ার পর অসিথার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দুই ক্রিকেটারকে শারীরিক ভাবে একে অপরের কাছাকাছি চলে আসতে দেখা যায়। শেষ পর্যন্ত সতীর্থ এবং আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর থেকেই সমাজমাধ্যমে জয়সওয়ালের আচরণ নিয়ে নানা মন্তব্য শুরু হয়। সেই প্রেক্ষিতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় ব্যাটার। তাঁর বক্তব্য, ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট না জেনে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।

তবে ঘটনাটি এত সহজে মিটছে না। জয়সওয়ালের বিরুদ্ধে আইসিসি-র আচরণবিধি ভাঙার অভিযোগ উঠতে পারে। ইতিমধ্যেই ম্যাচ রেফারি ঘটনার তদন্ত শুরু করেছেন। ফলে শাস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জয়সওয়াল। কিন্তু তাঁর ব্যাটের পারফরম্যান্সের চেয়ে বেশি চর্চায় উঠে এসেছে অসিথার সঙ্গে এই সংঘর্ষ। এ বার তাঁর মন্তব্যের পর ঘটনাটি নতুন মাত্রা পেল।

জয়সওয়ালের বার্তা স্পষ্ট— মাঠে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কেউ সীমা ছাড়ালে তাঁরা চুপ করে থাকবেন না। কিন্তু সেই ‘জবাব’ দিতে গিয়ে আচরণবিধির সীমা পেরিয়ে গেলেন কি না, এখন সেটাই দেখার। তদন্ত শেষ হলেই পরিষ্কার হবে, এই ঘটনার জন্য জয়সওয়ালের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কি না।