• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

যশস্বী-অসিথার ঝামেলায় জরিমানা, দু’জনেরই ম্যাচ ফি কাটল ২৫ শতাংশ

কলম্বো টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্দোর সঙ্গে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল

যশস্বী-অসিথার ঝামেলায় জরিমানা, দু’জনেরই ম্যাচ ফি কাটল ২৫ শতাংশ

Image: IANS

মাঠে উত্তাপ ছড়ানোর শাস্তি শেষ পর্যন্ত পেতেই হল তাঁদের। কলম্বো টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্দোর (Asitha Fernando) সঙ্গে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। সেই ঘটনার জন্য দু’জনকেই শাস্তি দিল আইসিসি। ম্যাচ ফি-র ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে যশস্বী এবং অসিথার। পাশাপাশি দু’জনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও।

ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ১৭তম ওভারে। অসিথার (Asitha Fernando) বলে ৪৫ রান করে বোল্ড হয়ে যান যশস্বী (Yashasvi Jaiswal)। তার পরেই তাঁকে উদ্দেশ্য করে আগ্রাসী সেলিব্রেশন করেন শ্রীলঙ্কার পেসার। যশস্বী প্রথমে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিলেও ফের ঘুরে দাঁড়ান। দু’জনের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে একে অপরের মাথা ঠোকাঠুকিও করেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন।

আরও পড়ুন: ধোনিকে টপকে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান ঋষভ পন্থের, তাঁর শরীর লক্ষ্য করে বোলিং শ্রীলঙ্কার

আইসিসি (ICC) জানিয়েছে, দু’জনেই ক্রিকেটারদের আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন। এই ধারায় কোনও ক্রিকেটার, ম্যাচ আধিকারিক বা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে ‘অনুচিত শারীরিক সংস্পর্শ’-র বিষয়টি উল্লেখ রয়েছে। দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসে দু’জনের বিরুদ্ধেই কোনও পূর্ববর্তী অপরাধের অভিযোগ ছিল না। তাই এ বার দু’জনের ক্ষেত্রেই শাস্তি ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানায় সীমাবদ্ধ থাকল এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হল।

আরও পড়ুন: আর শুধু তারকা-পুত্র নন, এ বার এশিয়ান গেমসে ভারতের হয়ে নামবেন বেদান্ত মাধবন

ঘটনার পর ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও বলেছিলেন, উত্তেজনার মুহূর্তে এমন ঘটনা ঘটতে পারে, তবে যশস্বীর আরও সতর্ক থাকা উচিত ছিল। তাঁর মতে, অসিথার এতটা কাছে যাওয়া যশস্বীর ঠিক হয়নি।

মাঠের এই উত্তেজনার মধ্যেও অবশ্য কলম্বো টেস্টে ভারত এখন যথেষ্ট ভালো জায়গায়। ৯ উইকেটে ৫০৩ রান তুলে নিয়ে ইনিংস ঘোষণা করে দেন শুভমান গিল। ধ্রুব জুরেল তাঁর দ্বিতীয় টেস্ট শতরান পূর্ণ করে ১১৫ রানে অপরাজিত থাকেন। সামনে বিশাল রানের পাহাড় নিয়ে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।

দেখুন: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়া লিজ মেজোর মাথায়