• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

ওয়ান্ধামা হত্যাকাণ্ডের তদন্ত ফের খুলল SIA, ২৩ কাশ্মীরি পণ্ডিত হত্যার ঘটনায় তৎপরতা

১৯৯৮ সালের ওই ঘটনায় ২৩ জন কাশ্মীরি পণ্ডিত নিহত হয়েছিলেন। মৃতদের মধ্যে ছিলেন ন’জন মহিলা এবং চারটি শিশু

ওয়ান্ধামা হত্যাকাণ্ডের তদন্ত ফের খুলল SIA, ২৩ কাশ্মীরি পণ্ডিত হত্যার ঘটনায় তৎপরতা

Image: SNS

প্রায় তিন দশক পর ফের তদন্তের গতি বাড়ল ১৯৯৮ সালের ‘ওয়ান্ধামা’  (Wandhama Murder Case) হত্যাকাণ্ডের ঘটনায়। জম্মু-কাশ্মীর স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) নতুন করে এই মামলার তদন্ত শুরু করেছে। ১৯৯৮ সালের ওই ঘটনায় ২৩ জন কাশ্মীরি পণ্ডিত নিহত হয়েছিলেন। মৃতদের মধ্যে ছিলেন ন’জন মহিলা এবং চারটি শিশু।

কাশ্মীর উপত্যকায় জঙ্গি তৎপরতার চরম পর্বে একের পর এক কাশ্মীরি পণ্ডিতকে নিশানা করে হত্যার অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা সেই সমস্ত পুরনো মামলার তদন্ত নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অংশ হিসেবেই ‘ওয়ান্ধামা’ হত্যাকাণ্ডের (Wandhama Murder Case) তদন্ত ফের শুরু হয়েছে বলে SIA সূত্রে খবর।

সূত্রের খবর, কাশ্মীরি পণ্ডিত নেতা টিকা লাল টাপলু এবং বিচারপতি নীলকণ্ঠ গঞ্জুর হত্যার মামলাতেও তদন্তে গতি বাড়িয়েছে SIA। এর আগে কাশ্মীরি পণ্ডিত নার্স সরলা ভট্ট, লেখক সর্বানন্দ কৌল ‘প্রেমী’ এবং তাঁর ছেলে বীরেন্দ্র কৌলের হত্যার ঘটনাতেও পুরনো মামলা নতুন করে খোলা হয়েছে।

আরও পড়ুন: ব্যাঙ্কে ৫ দিনের কাজের দাবিতে সেপ্টেম্বরে ফের ধর্মঘট, ২৬ অক্টোকর থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারী

ওয়ান্ধামা হত্যাকাণ্ড (Wandhama Murder Case) এবং টাপলুর হত্যার তদন্তে সম্প্রতি কাশ্মীর উপত্যকার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের লক্ষ্য, ওই হামলাগুলিতে জড়িত জঙ্গি এবং তাঁদের সহযোগী হিসেবে কাজ করা ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’-দের চিহ্নিত করা এবং প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা খুঁজে বার করা।

১৯৯৮ সালের ২৫ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের রাতে ওয়ান্ধামা (Wandhama Murder Case) গ্রামে হামলা চালানোর অভিযোগ ওঠে সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে। অভিযোগ, কাশ্মীরি পণ্ডিত পরিবারের বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালানো হয়। তাতে ২৩ জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছিল রমজান মাসের পবিত্র রাত শব-এ-কদরের সময়। ওই হত্যাকাণ্ডের তদন্ত দীর্ঘ সময় ধরে কার্যত অমীমাংসিতই থেকে যায়। এ বার সেই মামলাতেই নতুন করে তদন্ত শুরু করল SIA।

আরও পড়ুন: অমরাবতী হাসপাতালের NICU-তে ভোররাতে আগুন, মৃত্যু তিন সদ্যোজাতের, আশঙ্কাজনক ৩৯ জন

পুরনো কাশ্মীরি পণ্ডিত হত্যাকাণ্ডের মামলাগুলিতে সম্প্রতি SIA-র তৎপরতা বেড়েছে। চলতি বছরের জুনে ১৯৯০ সালে ‘সরলা ভট্ট’ হত্যাকাণ্ডের ঘটনায় ৭৩৭ পাতার চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা। সেখানে জেলবন্দি JKLF প্রধান ইয়াসিন মালিককে এই হত্যার মূলচক্রী হিসেবে উল্লেখ করা হয়। সর্বানন্দ কৌল ‘প্রেমী’ এবং তাঁর ছেলে বীরেন্দ্র কৌলের হত্যাকাণ্ডের ঘটনাতেও ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে SIA।

দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে থাকা একাধিক হত্যাকাণ্ডের (Wandhama Murder Case) তদন্ত নতুন করে শুরু হওয়ায়, কাশ্মীরি পণ্ডিতদের উপর জঙ্গি হামলার পুরনো মামলাগুলিতে এ বার পরিণতি আসতে পারে কি না, সে দিকেই নজর রয়েছে।