• facebook
  • twitter
  • youtube
Sunday, 23 August, 2026

সুন্দরবনের ঝড়খালিতে রইল না একটিও রয়্যাল বেঙ্গল টাইগার

সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার মৃত্যু হয়েছে একটি বাঘের

সুন্দরবনের ঝড়খালিতে রইল না একটিও রয়্যাল বেঙ্গল টাইগার

pic-x

সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার মৃত্যু হয়েছে একটি বাঘের। কয়েক সপ্তাহ আগেই এই কেন্দ্রে একটি বাঘিনীর মৃত্যু হয়েছিল। শনিবারের মৃত্যুর পর ঝড়খালি কেন্দ্র কার্যত বাঘশূন্য হয়ে পড়ল।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, মৃত বাঘটি দীর্ঘদিন ধরেই ওই কেন্দ্রে ছিল। বয়সজনিত কারণে শিকার ধরতে অক্ষম হয়ে পড়া বাঘদের সাধারণত এখানে এনে রাখা হয়। গত কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বনদফতরের নজরদারিতে চিকিৎসাও চলছিল। দু’জন পশু চিকিৎসক নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছিলেন। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।

দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের অধিকর্তা নিশা গোস্বামী জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল বাঘটি। চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শনিবার তার মৃত্যু হয়।

বনদফতরের নিয়ম মেনে মৃত বাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে চাইছে না বনদফতর।

এ নিয়ে মোট চার বাঘের মৃত্যু

ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘের মৃত্যু অবশ্য নতুন নয়। গত কয়েক মাসে এই কেন্দ্রে একাধিক রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহ আগেই একটি বাঘিনীর মৃত্যু হয়েছিল। শনিবারের মৃত্যুর পর এই কেন্দ্রে মোট চারটি বাঘের মৃত্যু হল। বর্তমানে সেখানে আর কোনও বাঘ নেই।

বয়স বা শারীরিক সমস্যার কারণে সুন্দরবনের জঙ্গলে শিকার ধরতে অক্ষম হয়ে পড়া বাঘদের নিরাপদে রাখা, চিকিৎসা ও পরিচর্যার জন্যই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয়েছিল। পরপর চারটি বাঘের মৃত্যুতে সেই কেন্দ্রই এখন সম্পূর্ণ বাঘশূন্য।