• facebook
  • twitter
  • youtube
Tuesday, 18 August, 2026

বাউন্ডারি আটকাতে গিয়ে মাথায়, কাঁধে চোট, টেস্ট থেকে ছিটকে গেলেন দীনেশ চণ্ডিমল, কেমন আছেন তিনি?

ভারতের দেওয়া বড় রানের লক্ষ্যে চতুর্থ দিনের শেষ ভাগে রান তাড়া করতে নেমেছিল শ্রীলঙ্কা। সেই সময়ই অভিজ্ঞ চণ্ডিমলের পরিবর্তে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সোয়ারিয়াবন্দরার।

বাউন্ডারি আটকাতে গিয়ে মাথায়, কাঁধে চোট, টেস্ট থেকে ছিটকে গেলেন দীনেশ চণ্ডিমল, কেমন আছেন তিনি?

Photo: X

গল টেস্টে ভারতের বিরুদ্ধে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। চোটের কারণে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চণ্ডিমল। তাঁর পরিবর্তে ‘কনকাশন সাবস্টিটিউট’ হিসাবে দলে ঢুকলেন ২৬ বছরের পাসিন্দু সোয়ারিয়াবন্দরা।

মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পান চণ্ডিমল। ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে কেএল রাহুলের শট আটকাতে ডিপ মিডউইকেট থেকে দৌড়ে ডিপ স্কোয়ার লেগের দিকে যান তিনি। সীমানার কাছে পৌঁছে পুরো শরীর ছুড়ে দিয়ে বল আটকাতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়েন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার। কাঁধ ও ঘাড়ের পাশাপাশি মাথাতেও জোরে আঘাত লাগে তাঁর।

মাটিতে পড়ার পর বেশ কিছুক্ষণ যন্ত্রণায় কাতরাতে দেখা যায় চণ্ডিমলকে। সতীর্থরা, দলের ফিজিও এবং চিকিৎসক ছুটে যান তাঁর কাছে। পরে নিজের পায়ে কোনও রকমে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার রিপোর্টে কোনও আভ্যন্তরীণ চোট বা অন্য কোনও গুরুতর সমস্যা ধরা পড়েনি।

তবে মাঠেই দলের চিকিৎসক এবং ফিজিও চণ্ডিমলের মস্তিষ্কের অবস্থা পরীক্ষা করেন। সেই পরীক্ষার পর তাঁকে আর খেলানোর ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা। এর পরেই তাঁর পরিবর্ত হিসাবে পাসিন্দু সোয়ারিয়াবন্দরার নাম অনুমোদন করেন ম্যাচ রেফারি।

চণ্ডিমল অবশ্য এই টেস্টে তেমন ফর্মে ছিলেন না। প্রথম ইনিংসে মাত্র চার রান করেছিলেন তিনি। ভারতের দেওয়া বড় রানের লক্ষ্যে চতুর্থ দিনের শেষ ভাগে রান তাড়া করতে নেমেছিল শ্রীলঙ্কা। সেই সময়ই অভিজ্ঞ চণ্ডিমলের পরিবর্তে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সোয়ারিয়াবন্দরার। তবে এই অভিষেক তেমন ভালো হয়নি তাঁর—ভারতের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে ফিরে যান তিনি।