• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

‘এনটিএ ভুল করে, শাস্তি পায়…’, ইউজিসি-নিট নিয়ে মোদীকে নিশানা রাহুলের

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্কের জেরে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেছেন রাহুল গান্ধী। তাঁর মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল প্রথম পদক্ষেপ, তবে শেষ নয়।

‘এনটিএ ভুল করে, শাস্তি পায়…’, ইউজিসি-নিট নিয়ে মোদীকে নিশানা রাহুলের

File Photo

নিট পরীক্ষা নিয়ে বিতর্ক অব্যাহত। বিতর্কের আবহে ইউজি-নিট (UGC-NET)-এর তিনটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে ফের নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এনটিএ জানিয়েছে, ইংরেজি, কর্মাস ও সমাজতত্ত্বের ইউজিসি-নিট (UGC-NET) পরীক্ষা বাতিল করে নতুন করে নেওয়া হবে। বিশেষজ্ঞ কমিটি প্রশ্নপত্র নিয়ে পাওয়া অভিযোগ খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা হওয়ার প্রায় ২ মাস পর পুনঃপরীক্ষার ঘোষণা করা হয়।

এরপরেই এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাহুল গান্ধী লেখেন, ‘মোদীজি, দেখুন আপনার এনটিএ কী করছে।’ তাঁর অভিযোগ, এনটিএ-র প্রশাসনিক ব্যর্থতার বোঝা শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদেরই বহন করতে হচ্ছে। রাহুল বলেন, হাজার হাজার পরীক্ষার্থী বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন। আবেদন করছেন ও পরীক্ষার ফি দিয়েছেন। এমনকী অনেক দূরের পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষাও দিয়েছেন। এখন তাঁদের সেপ্টেম্বরে আবার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

রাহুলের কথায়, ‘এনটিএ ভুল করে, কিন্তু শাস্তি পায় ছাত্রছাত্রীরা।’ দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, এটি আর প্রকৃত অর্থে শিক্ষা ব্যবস্থা নয়, বরং একটি এক্সট্রাকশন মেশিন। তাঁর অভিযোগ, এই ব্যবস্থা শিক্ষার্থীদের অর্থ, সময়, মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস কেড়ে নেয়, অথচ চাকরির নিশ্চয়তা দেয় না।

প্রশ্নপত্র পরীক্ষা হওয়ার আগেই ফাঁস হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর দাবি, এনটিএ এখনও এই মূল প্রশ্নের উত্তর দেয়নি। সেই সঙ্গে তিনি সংস্থার নেতৃত্বকেও দায়বদ্ধ করার দাবি জানিয়েছেন। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্কের জেরে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেছেন রাহুল গান্ধী। তাঁর মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল প্রথম পদক্ষেপ, তবে শেষ নয়।

আরও পড়ুন: বিহারের পর মধ্যপ্রদেশ! উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পদপিষ্টের মতো পরিস্থিতি, অসুস্থ ১৩

এনটিএ জানিয়েছে, ইংরেজি ও কমার্সের পুনঃপরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর। অন্যদিকে, সমাজতত্ত্বের পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হবে না। অন্য ৮৪টি বিষয়ের ফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে। মোট আসনসংখ্যাও কমানো হবে না।