• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত ট্রাম্পের, ভারতের নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ১১ আগস্ট জানান, জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকেও চুক্তিটির প্রভাব খতিয়ে দেখা হচ্ছে।

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত ট্রাম্পের, ভারতের নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

Image: IANS

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই চুক্তিকে নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করার পথে ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্পের কথায়, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করায় তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সেই সঙ্গে দেশগুলিকে নিজেদের আরও অর্থবহ উপায়ে রক্ষা করার সুযোগ তৈরি করে দিয়েছে বলে ট্রাম্প মনে করছেন। তিনি তিন দেশের নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন।

গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য হল তিন দেশের মধ্যে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনও একটির উপরে সশস্ত্র আক্রমণ মানেই অন্য দুই দেশের উপরে আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তবে চুক্তির আওতায় দেশগুলির নির্দিষ্ট সামরিক প্রতিশ্রুতি ও পারস্পরিক দায়িত্বের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির প্রভাব ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ১১ আগস্ট জানান, জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকেও চুক্তিটির প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।’

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫১, আফটারশক ৩৪১ বার, ঘরছাড়া ৫ হাজার

প্রতিরক্ষা ও কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চিনের মদতে ন্যাটোর আদলে ইসলামিক দেশগুলির সামরিক জোট গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তারই প্রাথমিক প্রয়াস মক্কা প্রতিরক্ষা চুক্তি। ‌আর এই কারণেই এই চুক্তিকে ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।