তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ আগেই হয়েছে। তা নিয়ে চলছে মামলা। এই আবহে চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দুয়ারে কড়া নাড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টে সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে সওয়াল করেন, সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেটা ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়নি।
এই পদক্ষেপের ফলে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করা কঠিন হয়ে পড়বে। এটা অনৈতিক কাজ বলেও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আর তাই দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী অয়ন ভট্টাচার্য। একইসঙ্গে প্রশ্ন তোলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ করা ছাড়াই কেমন করে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে? আইনজীবী আদালতে আরও জানান, ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। কিন্তু এক্ষেত্রে সেসব কিছুই করা হয়নি। সুতরাং এটা অনৈতিক কাজ।
বিদেশে যাওয়ার অনুমতিও সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসতে হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতায় ফিরে তারপর বিদেশে যাওয়ার প্রস্তুতি নেবেন তিনি। তার আগে এমন ঘটনা বেনজির বলে মনে করছেন তাঁর আইনজীবী। অভিষেকের আইনজীবীর সওয়াল শুনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। এদিন বিচারপতি জানতে চান, অভিষেকের বিরুদ্ধে কোনও তদন্ত চলছে কিনা। জবাবে অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করেছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার কোনও সম্পর্ক নেই। তখনই বিচারপতি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিস দিতে বলেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে।
তাছাড়া কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত শর্তসাপেক্ষে তিন সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে গিয়ে চিকিৎসা করার অনুমতি দিয়েছেন। তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ আদালতের নির্দেশের পরিপন্থী। সে কথাও আদালতকে জানিয়ে দিয়েছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।




