• facebook
  • twitter
  • youtube
Friday, 14 August, 2026

৫১ বছরের খরা কাটানোর স্বপ্ন নিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে নামছে ভারতের হকি দল

তবে ওয়েলসকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। টানা দ্বিতীয় বিশ্বকাপে খেলতে আসা ওয়েলস প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং

৫১ বছরের খরা কাটানোর স্বপ্ন নিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে নামছে ভারতের হকি দল

India Hockey Team Photo-SNS

অপেক্ষার ৫১ বছরের। ১৯৭৫ সালে শেষ বার হকি বিশ্বকাপ জিতেছিল ভারত। কুয়ালালামপুরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে অজিত পাল সিং-এর দল যে ইতিহাস গড়েছিল, তার পরে কেটে গিয়েছে পাঁচ দশকেরও বেশি সময়। এ বার সেই দীর্ঘ খরা কাটানোর স্বপ্ন নিয়েই বিশ্বকাপের ময়দানে নামছে হরমনপ্রীত সিং-এর ভারত।

শনিবার নেদারল্যান্ডসের আমস্টেলভেনে ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। স্বাধীনতা দিবসেই প্রথম ম্যাচে নামছে ভারত। তাই শুরুটা জয় দিয়ে করে নতুন ইতিহাসের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য দলের।

ভারতের কোচ ক্রেগ ফাল্টনের কাছে অবশ্য ১৯৭৫-এর স্মৃতির বোঝা কাঁধে নিয়ে খেলার চেয়ে বর্তমান প্রজন্মের নিজস্ব পরিচয় তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ। ফাল্টন বলেছেন, ‘আমরা ভারতীয় হকিতে নিজেদের ইতিহাসের একটি নতুন অধ্যায় লিখতে চাই’।

তাঁর বার্তাও স্পষ্ট— অতীতের গৌরবকে সম্মান জানিয়ে বর্তমান দলকে নিজেদের কাহিনী নিজেদেরই লিখতে হবে। ১৯৭১-এ ব্রোঞ্জ এবং ১৯৭৩-এ রুপোর পরে ১৯৭৫-এই এসেছিল ভারতের একমাত্র বিশ্বকাপ জয়। সেই রেকর্ড বদলানোর আত্মবিশ্বাস নিয়েই এ বার নামছে নতুন প্রজন্ম।

সাম্প্রতিক সাফল্য ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। টোকিও অলিম্পিকে ৪১ বছর পরে পদক জিতেছিল ভারত। পরে প্যারিস অলিম্পিকেও ব্রোঞ্জ এসেছে। সাম্প্রতিক এশিয়া কাপ জয়ও দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

অধিনায়ক হরমনপ্রীতের কথায়, ‘আমরা একই আবেগ, মানসিকতা এবং প্রস্তুতি নিয়েই এখানে এসেছি’। বিশ্বকাপ জয়ের চাপ নিয়ে ভারত অধিনায়কের বক্তব্য, ‘বিশ্বকাপে পদক জেতার কোনও চাপ আমাদের নেই। বরং এটাকে আমরা নিজেদের দায়িত্ব হিসেবেই দেখছি’।

প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েলস কাগজে-কলমে তুলনামূলক দুর্বল। বিশ্ব ক্রমতালিকায় ভারত অষ্টম, ওয়েলস ১৫ নম্বরে। কিন্তু গ্রুপের পরের ম্যাচগুলিতেই ভারতের আসল পরীক্ষা। ১৭ অগস্ট তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ১৯ অগাস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ফলে ওয়েলস ম্যাচে জয় দিয়ে শুরু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত প্রো লিগে নবম দলের মধ্যে অষ্টম হয়েছিল ভারত। তবে ইউরোপ পর্বের শেষ দিকে ছন্দে ফিরেছিল ফাল্টনের দল। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর পাশাপাশি অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকেও হারিয়েছিল ভারত। পরে রাজগিরে এশিয়া কাপ জিতে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির শেষ পর্বটাও সফল ভাবে সেরে নেয় তারা।

দলের মধ্যে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল ঘটিয়েছেন ফাল্টন। ২০২৫-২৬ প্রো লিগে ৩৩ জন হকি খেলোয়াড়কে পরীক্ষা করে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বেছে নিয়েছেন তিনি। ভারতের হয়ে ৪১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মনপ্রীত সিং দলের অভিজ্ঞতার অন্যতম ভরসা। অন্য দিকে, আট জন খেলোয়াড় প্রথম বার বিশ্বকাপে নামতে চলেছেন।

প্যারিস অলিম্পিকের পরে পি আর শ্রীজেশ অবসর নেওয়ায় গোলের দায়িত্ব এখন মোহিত এইচএস এবং সূরজ কারকেরার কাঁধে। রক্ষণে হরমনপ্রীতের পেনাল্টি কর্নারের দক্ষতাই ভারতের অন্যতম বড় অস্ত্র। তাঁর সঙ্গে অমিত রোহিদাসের অভিজ্ঞতা দলকে বাড়তি শক্তি দেবে।

মাঝমাঠে মনপ্রীত এবং হার্দিক সিং-এর ভূমিকা গুরুত্বপূর্ণ। আক্রমণে নজর থাকবে অভিষেক ও মনদীপ সিং-এর দিকে। মনদীপের সামনে রয়েছে একটি ব্যক্তিগত মাইলফলকও— ৩০০ আন্তর্জাতিক ম্যাচের ক্লাব থেকে তিনি আর মাত্র ১২ ম্যাচ দূরে।

দীর্ঘ টুর্নামেন্টের চাপ সামলানোর জন্য দলের সঙ্গে রয়েছেন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন। ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। প্যারিস অলিম্পিকেও ভারতীয় হকি দলের সঙ্গে যুক্ত ছিলেন আপটন।

তবে ওয়েলসকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। টানা দ্বিতীয় বিশ্বকাপে খেলতে আসা ওয়েলস প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্পেনের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলেছে। ভারতের বিরুদ্ধে অঘটন ঘটানোর লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবে।

ওয়েলস ম্যাচে জয় পেলে কঠিন ইংল্যান্ড এবং পাকিস্তান ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে ভারত। তার পরেই সামনে এশিয়ান গেমস, যেখানে সোনা জয়ের পাশাপাশি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জনের লক্ষ্যও থাকবে।

শনিবার বিকেল ৪.৩০ মিনিটে শুরু হবে ভারত-ওয়েলস ম্যাচ। ৫১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় হকির নতুন সোনালি অধ্যায় শুরু হবে কি না, তার উত্তর অবশ্য মিলবে আগামী কয়েক সপ্তাহেই।

ভারতের সূচি: ১৫ অগাস্ট- বনাম ওয়েলস (বিকেল ৪.৩০), ১৭ অগাস্ট- বনাম ইংল্যান্ড (সন্ধ্যা ৬.৩০), ১৯ অগাস্ট- বনাম পাকিস্তান (সন্ধ্যা ৬.৩০)।

## ভারতে FIH হকি বিশ্বকাপ ২০২৬ লাইভ কোথায় দেখবেন

ভারতে *FIH হকি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলি লাইভ স্ট্রিমিং* দেখা যাবে *জিয়োহটস্টারে*।

এ ছাড়াও, টেলিভিশনে ম্যাচগুলির *সরাসরি সম্প্রচার* করা হবে *স্টার স্পোর্টস সিলেক্ট ২ (এসডি ও এইচডি), **স্টার স্পোর্টস খেল* এবং *ডিডি স্পোর্টস (ডিডি ফ্রি ডিশ)* চ্যানেলে।