• facebook
  • twitter
  • youtube
Friday, 14 August, 2026

মাত্র ১০০ টাকায় হাতবদল হল একটি আইএসএল ক্লাবের মালিকানা!

২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে টাটা স্টিলের অধীনে ভারতীয় ফুটবলে নিজেদের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিল জামশেদপুর এফসি

মাত্র ১০০ টাকায় হাতবদল হল একটি আইএসএল ক্লাবের মালিকানা!

Churchill Brothers Photo-SNS

ভারতীয় ফুটবলে ঘটল এই নজিরবিহীন ঘটনা। জামশেদপুর এফসির সম্পূর্ণ মালিকানা ছেড়ে দিল টাটা স্টিল। ক্লাবটির পরিচালক সংস্থা জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের (জেএফএসপিএল) ১০০ শতাংশ শেয়ার গোয়ার চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়েছে প্রতীকী মূল্যে— মাত্র ১০০ টাকায়।

টাটা স্টিলের পরিচালন পর্ষদের কমিটি এই লেনদেনে অনুমোদন দিয়েছে। সংস্থার হাতে থাকা জেএফএসপিএলের ১০০ শতাংশ ইকুইটি শেয়ারই চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করা হচ্ছে। অর্থাৎ, এত দিন যে সংস্থা জামশেদপুর এফসির মালিকানা ও পরিচালনার দায়িত্বে ছিল, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণই চলে যাচ্ছে গোয়ার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটির হাতে।

আইএসএল থেকে হঠাৎ নাম তুলে নেওয়ায় জামশেদপুর এফসির আইএসএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত টাটা স্টিলের ফুটবল ক্লাব পরিচালনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর চার্চিল ব্রাদার্সের সঙ্গে এই চুক্তি সামনে এল। তবে মালিকানা ও সংশ্লিষ্ট আইএসএল অধিকার হস্তান্তরের প্রক্রিয়াটি প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের উপর নির্ভরশীল, যা দেওয়ার কথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের।

শুধু ক্লাবের মালিকানাই নয়, জামশেদপুর এফসির একাধিক ফুটবলার এবং কোচিং স্টাফও চার্চিল ব্রাদার্সের নতুন কাঠামোর অংশ হতে পারেন। খবর অনুযায়ী, জামশেদপুরের ১২ জন দীর্ঘমেয়াদি চুক্তিতে থাকা ফুটবলার এবং দু’জন কোচ চার্চিল ব্রাদার্সের সঙ্গে যুক্ত হওয়ার কথা।

২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে টাটা স্টিলের অধীনে ভারতীয় ফুটবলে নিজেদের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিল জামশেদপুর এফসি। ‘মেন অব স্টিল’-এর সমর্থকদের কাছে তাই এই মালিকানা বদল নিঃসন্দেহে আবেগের বিষয়। এক দশকেরও কম সময়ের যাত্রার পর টাটা স্টিলের ক্লাব-মালিকানার অধ্যায়ে কার্যত দাঁড়ি পড়ল।

এ বার সবচেয়ে বড় প্রশ্ন, নতুন মালিকানায় জামশেদপুর এফসির পরিচয় ও ভবিষ্যৎ কোন পথে এগোয়। চার্চিল ব্রাদার্স কি একই নামে আইএসএলে যাত্রা চালিয়ে যাবে, নাকি ভারতীয় ফুটবলের মানচিত্রে দেখা যাবে সম্পূর্ণ নতুন সমীকরণ? মাত্র ১০০ টাকার এই চুক্তি তাই শুধু একটি ব্যবসায়িক লেনদেন নয়— ভারতীয় ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনারও সূচনা করে দিল।