• facebook
  • twitter
  • youtube
Friday, 14 August, 2026

রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, নীতির পথ দেখাবেন নবীন

শুধুমাত্র কলকাতা ও আশপাশে সফর করবেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি গোটা পশ্চিমবঙ্গেই ঘুরে বেড়াবেন

রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, নীতির পথ দেখাবেন নবীন

BJP National President Nitin Nabin Photo-ANI

এবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বঙ্গ জয়ের পর সেভাবে আশা হয়নি। এখানের সংগঠন থেকে শুরু করে সব কাজ কেমন হচ্ছে তা সরেজমিনে দেখতেই আসছেন তিনি। তবে তাঁর আসার আগে পশ্চিমবঙ্গে ঘুরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের তিন মাস হতে চলেছে। তারপরই আসবেন তিনি। এখানে কিছু অভিযোগ উঠেছে। সেগুলি ‘সামাল’ দিতে রাজ্যে আসতে হচ্ছে স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে।

আগামী সেপ্টেম্বর মাসের একেবারে গোড়াতেই পশ্চিমবঙ্গে আসছেন নবীন। এখানে তাঁর তিনদিনের বঙ্গ সফরের কর্মসূচি নির্ধারিত হতে চলেছে বলে জানা গিয়েছে। এখন রাজ্য তথা জাতীয় রাজনীতিতে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ বিজেপি হয়ে যাওয়া কিছু নেতার দৌলতে দলের নাম বদনাম হচ্ছে। তার উপর এনসিপিআই দলে যাঁরা যোগ দিয়েছেন তাঁরা এখন এনডিএ-কে সমর্থন করেছেন। আবার বিদ্রোহী তৃণমূলের বিধায়করা বিধানসভায় আলো করে বসেছেন। এই আবহে বিদ্রোহী তৃণমূল সাংসদদের উদ্দেশে আবার কড়া বার্তা দিয়ে কেন্দ্রীয় বিজেপি সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে, কলকাতা এবং হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে যদি ওইসব সাংসদ তাঁর ঘনিষ্ঠদের টিকিটের বিষয়ে লবিবাজি করেন, তাহলে সেটা পত্রপাঠ খারিজ করে দেওয়া হবে। বিদ্রোহী তৃণমূলের সুপারিশে কেউ প্রার্থী হবেন না। এই জটিল পরিস্থিতিতেই বঙ্গে আসছেন নীতিন নবীন।

এবার শুধুমাত্র কলকাতা ও আশপাশে সফর করবেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি গোটা পশ্চিমবঙ্গেই ঘুরে বেড়াবেন। পাহাড়/তরাই-ডুয়ার্স, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গজুড়ে থাকবে নীতিন নবীনের সফর। জোনভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন তিনি। প্রত্যেক কার্যকর্তার সঙ্গে কথা বলবেন। রিপোর্ট নেবেন তাঁদের কাছ থেকে। জেলায় জেলায় দেবেন কড়া বার্তাও। গতকাল নয়াদিল্লিতে নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমনকী তিনি দেখা করেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা, দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গেও। বিজেপি সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পরে শমীকবাবু বলেন, ‘নবীনজি সেপ্টেম্বর মাসের শুরুতে তিনদিনের জন্য রাজ্যে যাবেন। সাংগঠনিক বৈঠক করবেন।’ সাংগঠনিক দিশা পেতে রাজ্য বিজেপির নেতারা যেভাবে দফায় দফায় নয়াদিল্লিতে দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করছেন সেটা যথেষ্ট ইঙ্গিতবাহী।

তাছাড়া সংসদের বাদল অধিবেশন চলাকালীন বারবার সুনীল বনসলের সঙ্গে দেখা করেছেন শমীক ভট্টাচার্য। পাশাপাশি বুধবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গেও দেখা করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু যদিও এটাকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলছেন।