• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

নেতাজিকে কুৎসা! ‘পোস্ট ডিলিট করলেও রেহাই নয়’, কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর

নেতাজির মর্যাদা রক্ষায় সরকারি উদ্যোগের কথাও এ দিন জানান তিনি। সরকারি স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বাধ্যতামূলক করার জন্য

নেতাজিকে কুৎসা! ‘পোস্ট ডিলিট করলেও রেহাই নয়’, কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Image: SNS

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের অভিযোগে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার বিধানসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, নেতাজিকে ‘কুৎসিত’ বা ‘অপমানজনক’ ভাষায় আক্রমণ করা কোনও ভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নত ঠিক একইভাবে রাজ্য এবং কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের কে সঙ্গে নিয়েই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ নিয়ে জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলার কয়েক জন বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের বক্তব্য শোনার পরেই পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, রাজনৈতিক রং না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘অবিলম্বে পোস্ট ডিলিট করুন। তবে পোস্ট ডিলিট করলেও ছাড় পাবেন না।’ শুধু পোস্টদাতাই নন, কে লাইক করেছেন, কে শেয়ার করেছেন, কারা কমেন্ট করেছেন—সোশ্যাল মিডিয়ার সেই ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ও খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রয়োজন হলে গ্রেপ্তারও করা হবে বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

পুলিশের সাইবার সেল এবং সিআইডিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে জানানো হবে। তবে শুধু সাধারণ নাগরিক নয়, মন্ত্রী, সাংসদ, বিধায়ক কিংবা পুলিশ—যেই এই ধরনের ঘটনায় যুক্ত থাকুন না কেন, সকলের বিরুদ্ধেই একই আইনে ব্যবস্থা নেওয়া হবে, বলে দাবি মুখ্যমন্ত্রীর।

নেতাজির মর্যাদা রক্ষায় সরকারি উদ্যোগের কথাও এ দিন জানান তিনি। সরকারি স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বাধ্যতামূলক করার জন্য বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে সরকারি দপ্তর ও বিধায়কদের কাছেও নেতাজির ছবি পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, নেতাজি শুধু বাংলার নন, গোটা দেশের গর্ব। তাই তাঁর প্রতি অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ‘কঠোর এবং কঠিন’ আইনি পদক্ষেপ নেওয়া হবে।