প্লাস্টিকের ছোট প্যাকেটে আর মিলবে না পানমশলা। প্যাকেজিংয়ে অ্যালুমিনিয়াম ফয়েল, ল্যামিনেট-সহ যে কোনও ধরনের কৃত্রিম উপাদান আর ব্যবহার করা যাবে না। ঠিক এমনটাই ঘোষণা করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)। এফএসএসএআই পানমশলার প্যাকেজিং নিয়ে নতুন নিয়ম আরোপ করেছে।
নতুন বিধি অনুযায়ী, পানমশলা প্রস্তুকারকদের প্যাকেজিংয়ের জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পাত্র বা প্যাকেট ব্যবহার করতে হবে। কাচ, টিন, পেপারবোর্ড অথবা সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করতে হবে। পানমশলা প্যাকেজিংয়ের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট উপাদান ব্যবহার করা যাবে না। এর মধ্যে প্রধান প্লাস্টিক। এফএসএসএআই সোমবার, ১০ আগস্ট, গেজ়েট অফ ইন্ডিয়াতে প্রকাশিত ‘খাদ্য সুরক্ষা ও মান (প্যাকেজিং) সংশোধনী, ২০২৬’-এর মাধ্যমে এই পরিবর্তনগুলির কথা জানিয়েছে।
১০ আগস্ট গেজ়েট অফ ইন্ডিয়ায় সংশোধিত নিয়ম প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই তা কার্যকর হয়েছে। এফএসএসএআই জানিয়েছে, প্লাস্টিকের বিকল্প হিসেবে সংস্থাগুলিকে সম্পূর্ণ পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহার করতে হবে। এর মধ্যে ধাতব টিন ক্যান বা কাচের ছোট পাত্র রয়েছে। তবে শুধু বাইরের কাগজে মোড়ক দিলেই হবে না। প্যাকেটের ভিতরে যদি প্লাস্টিকের কোনও স্তর, সিন্থেটিক পলিমার কিংবা মেটালাইজড লেয়ার থাকে তাহলেও সেই প্যাকেজিং নতুন নিয়মের আওতায় বাতিল করা হবে।
আরও পড়ুন: ভারী বৃষ্টি-ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত ৭০, ক্ষয়ক্ষতি ৯১০ কোটি টাকারও বেশি
প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্লাস্টিকের পাশাপাশি অ্যালুমিনিয়াম ফয়েল এবং মেটালাইজড লেয়ারও নিষিদ্ধ করা হয়েছে। পানমশলার মতো পণ্যের ছোট ছোট প্লাস্টিক মূলত বর্জ্য। নতুন নিয়মের মাধ্যমে খাদ্যপণ্যের প্যাকেজিংকে আরও পরিবেশবান্ধব ও দূষণমুক্ত করার দিকে জোর দেওয়া হয়েছে। তবে কেন্দ্র সরকারের এই নির্দেশের পর প্রস্তুতকারক সংস্থাগুলি বেশ চিন্তায় পড়েছে। এফএসএসএআই-এর নির্দেশের পরে পানমশলা প্রস্তুতকারী সংস্থাগুলির প্যাকেজিংয়ের খরচ অনেকটাই বেড়ে যেতে পারে বলে অনেকেই মনে করছেন।




