বীরভূমের রামপুরহাটে রাতারাতি নেতাজি সুভাষ রোডের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জী রোড করার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নতুন নামের ফলক উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। পাশে দেখা যায় রামপুরহাট পুরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন ভকতকেও। তবে চেয়ারম্যানের দাবি, রাস্তার নাম পরিবর্তনের কোনও অনুমোদন পুরসভা দেয়নি।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিজেপির তরফে শ্যামাপ্রসাদের নামে রাস্তার নামকরণের আবেদন করা হলেও এখনও তা পুরবোর্ড অনুমোদন করেনি। চেয়ারম্যানের বক্তব্য, নিয়ম অনুযায়ী প্রথমে পুরবোর্ডে প্রস্তাব পাশ করতে হয়। পরে প্রয়োজন রাজ্য প্রশাসনের অনুমোদনের। ফলে বিধায়ক এককভাবে রাস্তার নাম পরিবর্তন করতে পারেন না। ধ্রুব সাহার অবশ্য দাবি, পুরসভার নথিতে ওই রাস্তার নাম সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি এবং পুর চেয়ারম্যানের উপস্থিতিতেই নতুন নামকরণ হয়েছে। নেতাজির প্রতি বিজেপির শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি।
ঘটনার প্ৰতিবাদে সরব হয়েছে বাম ও কংগ্রেস শিবির। সিপিএম পুরসভা ও মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিয়ে পুরনো নাম ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলটন রসিদের অভিযোগ, বিধায়কের রাস্তার নাম পরিবর্তনের অধিকার নেই এবং জাতীয় ব্যক্তিত্ব নেতাজির নামে থাকা রাস্তার নাম বদল বেআইনি। পাল্টা ধ্রুব সাহা বলেন, ‘নেতাজি আমাদের হৃদয়ে রয়েছেন। তাঁকে আমরা শ্রদ্ধা করি।’ নতুন ফলক বসলেও রাস্তার বিভিন্ন দোকান এবং সরকারি সমবায় সংস্থার বোর্ডে এখনও নেতাজি সুভাষ রোড নামই রয়েছে। এর ফলে নাম পরিবর্তনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।




